ডারবানে কাল উইকেটের ফুলঝুরি দেখে অবাক হয়েছেন? জেনে রাখুন, এক দিনে এর চেয়েও বেশি উইকেট পড়ার অনেক উদাহরণ আছে। বেশির ভাগই অবশ্য সেই যুগে যখন উইকেট ঢেকে রাখার বালাই ছিল না। ১৮৮৮ সালের লর্ডস টেস্টের দ্বিতীয় দিনে পড়েছিল ২৭ উইকেট! ম্যাচের প্রথম দিন ১১৬ রানে অলআউট হয়েছিল অস্ট্রেলিয়া, ইংল্যান্ড দিন শেষ করেছিল ৩ উইকেটে ১৮ রান নিয়ে। দ্বিতীয় দিন সকালে ৩১ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ৫৩ রানে অলআউট হয় ইংল্যান্ড। ১১৬ রান করেও ৬৩ রানের লিড পাওয়া অস্ট্রেলিয়া দ্বিতীয় ইনিংসে ২৯.২ ওভারে গুটিয়ে যায় ৬০ রানে। জয়ের জন্য ইংল্যান্ডের লক্ষ্য ছিল ১২৪। টানা ৪৭ ওভার বোলিং করে ইংল্যান্ডকে ৬২ রানে গুটিয়ে দেন দুই পেসার চার্লি টার্নার ও জন ফেরিস। দুজনেই নেন ৫টি করে উইকেট। ১৪ বছর পরে মেলবোর্ন টেস্টের প্রথম দিনে ২৫ উইকেট হারিয়েছিল এই দুই দলই। সাম্প্রতিক সময়ে ২০০২ সালে নিউজিল্যান্ড-ভারতের হ্যামিল্টন টেস্টের তৃতীয় দিনে পড়েছিল ২২ উইকেট।