উইগান শহরের মানুষের কাছে এখনো রাগবিই বেশি জনপ্রিয়। উইগান অ্যাথলেটিক এখন যে মাঠে খেলে, সেই ডিডব্লু স্টেডিয়ামে নিয়মিত আয়োজিত হয় রাগবি লিগ। এই উইগানই পরশু রাতে জন্ম দিল এফএ কাপের ইতিহাসে অন্যতম বড় এক অঘটন। ম্যানচেস্টার সিটির মতো পরাশক্তি হয়ে উঠতে যাওয়া দলকে হারিয়ে জিতল ক্লাব ইতিহাসের প্রথম বড় শিরোপা।
রাগবির শহর উইগানের মানুষ মেতে উঠেছে ফুটবল উৎসবে। পূর্ব ম্যানচেস্টারের চিত্রটা ঠিক উল্টো। কান পাতলেই শোনা যাচ্ছে শেষ স্বপ্নটাও ভেঙে যাওয়ার হাহাকার। ২০১১ সালে এফএ কাপ এবং গত মৌসুমে লিগ জেতা সিটিকে এবারের মৌসুমটি পার করতে হচ্ছে শিরোপাহীন।
লিগের আমা শেষ হয়েছে আগেই। চ্যাম্পিয়নস লিগেরও গ্রুপ পর্ব থেকেই বিদায় নেওয়া সিটি ব্যর্থ লিগ কাপেও। এফএ কাপ শিরোপাটা তাই হতে পারত বিশাল বাজেটের দলের জন্য সান্ত্বনা। কিন্তু সেটি ভেস্তে দিল উইগানের মতো ‘পুঁচকে’ এক দল! এই হার যেন বিদায়ঘণ্টা বাজিয়ে দিল রবার্তো মানচিনির সিটি-অধ্যায়েরও! সে রকমই গুঞ্জন চারদিকে।
কদিন আগেই স্প্যানিশ গণমাধ্যম জানায়, এই গ্রীষ্মেই সিটিতে মানচিনির উত্তরসূরি হতে যাচ্ছেন মালাগার কোচ ম্যানুয়েল পেলেগ্রিনি। এফএ কাপ ব্যর্থতায় সেই গুঞ্জন আরও জোরালো। যদিও মানচিনি গুঞ্জনটাকে উড়িয়ে দিয়েছেন, ‘এটা বাজে কথা। আগামী মৌসুমেও আমি থাকব।’ সাংবাদিকদের একটা খোঁচাও মেরেছেন মানচিনি, ‘ছয় মাস ধরেই আপনারা এটা নিয়ে কথা বলছেন। কিন্তু গত মৌসুমে এমনটা ঘটেনি, যখন ম্যানচেস্টার ইউনাইটেড লিগ বা এফএ কাপ কোনোটাই জিততে পারেননি।’
উইগান কোচ রবার্তো মার্টিনেজও নাকি আগামী মৌসুমে এভারটনে ডেভিড ময়েসের স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন। অবশ্য আপাতত মার্টিনেজের দৃষ্টি উইগানকে লিগে অবনমন এলাকা থেকে টেনে তোলা। তার আগে পরশুর জয় নিয়ে তাঁর কথা, ‘আমরা ভাগ্যের জোরে জিতিনি। এটা দুর্ঘটনাও নয়। আমরা কঠোর পরিশ্রম করে জিতেছি। জয়টা আমাদের পাওনা।’ ৮৪ মিনিটে পাবলো জাবালেতা দ্বিতীয় হলুদ কার্ড পেলে ১০ জনের দল হয়ে পড়ে সিটি। যোগ করা সময়ে উইগানকে ঐতিহাসিক জয় এনে দেওয়া গোলটি করেছেন বদলি খেলোয়াড় বেন ওয়াটসন। ম্যাচ শেষে ওয়াটসনের প্রতিক্রিয়া, ‘অবিশ্বাস্য।’
উইগানের মালিক ডেভ হোয়েলান হয়ে পড়েছিলেন স্মৃতিকাতর। ১৯৬০ সালে ব্ল্যাকবার্নের হয়ে এই এফএ কাপের ফাইনালে পা ভেঙে গিয়েছিল তাঁর, থেমে গিয়েছিল ক্যারিয়ার। হোয়েলান তাই বলছেন, ‘এই জয় ১৯৬০ সালে আমার পা ভেঙে যাওয়াকে শুধিয়ে দিয়েছে।’ কাকতালিয়ভাবে, উইগানের জয়ের নায়ক বেন ওয়াটসনেরও পা ভেঙে গিয়েছিল এ মৌসুমের শুরুতে। উল্লেখ্য, লিগে অবনমন হলে উইগানই হবে একই মৌসুমে এফএ জেতা ও অবনমিত হওয়া প্রথম দল। এএফপি।