উইগানের 'ইতিহাস'
মাত্র তিন দিনের ব্যবধানে মুদ্রার উল্টো পিঠটাও দেখে ফেলল উইগান অ্যাথলেটিক। গত শনিবারই এফএ কাপের ফাইনালে ম্যানচেস্টার সিটিকে হারিয়ে উইগান জিতেছে ক্লাবের ৮১ বছরের ইতিহাসে প্রথম বড় কোনো শিরোপা। সেই আনন্দের মধ্যেই উইগানকে পুড়তে হলো অবনমনের হতাশায়। গত পরশু আর্সেনালের কাছে ৪-১ গোলে হেরে উইগান ছিটকে পড়েছে ইংল্যান্ডের শীর্ষ লিগ থেকে। রয়টার্স।
২০০৫ সালে প্রিমিয়ার লিগে উঠে আসার পর এই অবনমনের শিকার উইগান। এর মধ্য দিয়ে উইগান অবশ্য গড়েছে অন্য রকম একটা ইতিহাসও। একই মৌসুমে এফএ কাপ জয় ও প্রিমিয়ার লিগ থেকে ছিটকে পড়ার আর কোনো নজির নেই ইংলিশ ফুটবলে। কিউপিআর ও রিডিংয়ের অবনমন নিশ্চিত হয়েছে আগেই। পরশু এমিরেটসে জিতলেই কেবল বেঁচে থাকত উইগানের শীর্ষ লিগে টিকে থাকার আশা। উল্টো লুকাস পোডলস্কির জোড়া গোলে পাওয়া এই বড় জয়ে আর্সেনালই বাঁচিয়ে রাখল চ্যাম্পিয়নস লিগে খেলার সম্ভাবনা। ৩৭ ম্যাচে ৭০ পয়েন্ট নিয়ে আর্সেনাল চারে। ৬৯ পয়েন্ট নিয়ে পাঁচে টটেনহাম। তিনে থাকা চেলসির পয়েন্ট ৭২। ম্যানচেস্টার ইউনাইটেড ও সিটির সঙ্গে কোন দুটি দল চ্যাম্পিয়নস লিগে যাবে, তার ফয়সালা হবে শেষ ম্যাচে।
এদিকে রবার্তো মানচিনিবিহীন সিটির যাত্রাটা শুরু হলো জয় দিয়ে। আগের দিন বরখাস্ত হওয়ায় পরশু সকালেই প্রধান সহকারী ডেভিড প্লাটকে নিয়ে ক্লাব ছেড়ে যান মানচিনি। রাতে অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব পাওয়া ব্রায়ান কিডের অধীনে সিটি রিডিংকে হারিয়েছে ২-০ গোলে। গোল করেছেন সার্জিও আগুয়েরো ও এডিন জেকো।