উইজডেন ১৫০ নটআউট!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লম্বায় টেনেটুনে ৫ ফুট ৬ ইঞ্চি। এই উচ্চতা নিয়েই হয়েছিলেন ফাস্ট বোলার। ক্যারিয়ারের শুরুতে ছিল দুর্দান্ত গতি। পরে গতি কমলেও ভয়ংকর অফ কাটারে নাভিশ্বাস তুলে ছেড়েছেন ব্যাটসম্যানদের। প্রথম শ্রেণীর ক্রিকেটে ইনিংসের ১০টি উইকেটই নেওয়ার দ্বিতীয় কৃতিত্ব ছিল তাঁর। সব কটিই ছিল বোল্ড! এই জন উইজডেন বাতের যন্ত্রণায় ৩৭ বছর বয়সে যখন ক্রিকেট ছাড়লেন, মাথায় তখন আরেক চিন্তা। এবার জীবন চলবে কী করে! পেট চালানোর তাগিদ থেকেই অবসরের পরের বছর বের করলেন ক্রিকেটের একটি বর্ষপত্র। নাম জন উইজডেন’স ক্রিকেটার্স অ্যালম্যানাক। সালটা ১৮৬৪।সেই শুরু। ফ্রেড লিলিহোয়াইটের দ্য গাইড টু ক্রিকেটার্স-এর প্রতিদ্বন্দ্বী হিসেবেই মূলত অ্যালম্যানাকের পথচলা শুরু। ১৮৬৬ সালে লিলিহোয়াইটের মৃত্যুর পর ‘গাইড’ বন্ধ হয়ে গেল। কিন্তু ক্যানসারের কাছে হার মেনে ১৮৮৪ সালে জন উইজডেন পরপারে পাড়ি জমালেও অ্যালম্যানাক বেঁচে থাকল বহাল তবিয়তে। অবিশ্বাস্য হলেও সত্যি, শুরু থেকে প্রতিবছরই প্রকাশিত হয়েছে এই অ্যালম্যানাক। এমনকি দুটি বিশ্বযুদ্ধে পুরো বিশ্ব থমকে গেলেও প্রকাশনা বন্ধ থাকেনি উইজডেনের। সময়ের পরিক্রমায় পৃথিবী বদলে গেছে, বদলে গেছে ক্রিকেট। উইজডেন এখনো টিকে আছে সগৌরবে। সেই পথচলার দেড় শ বছর পূর্তি হলো এবার। গতকালই প্রকাশিত হয়েছে উইজডেন ক্রিকেটার্স অ্যালম্যানাক-এর ১৫০তম সংস্করণ, আজ থেকে যা পাওয়া যাবে বাজারে।১১২ পৃষ্ঠার প্রথম সংখ্যার দাম ছিল মাত্র এক শিলিং (৫ পেনি)। সেটিই এখন প্রায় ১৫০০ পাতার ঢাউস এক বই, দাম ৫০ পাউন্ড (৫৯ ইউরো, ৭৬ ডলার)। দাম বা কলেবর বেড়েছে, তার চেয়ে বেশি বেড়েছে সম্মান। সেই কবেই এটির নাম হয়ে গেছে ‘ক্রিকেটের বাইবেল’! আকার-কলেবরের পাশাপাশি পরিবর্তন এসেছে উইজডেনের চেহারাতেও। বর্তমানের পরিচিত এই হলুদ আবরণ চালু হয়েছে ১৯৩৮ সাল থেকে। ওই সংস্করণেই প্রথমবার প্রচ্ছদে স্থান পেয়েছিল ভিক্টোরিয়ান যুগের দুজনের ক্রিকেট খেলার উডকাট ছবি। এরিক র‌্যাভিলিয়াসের আঁকা ছবিটি পরিণত হয়েছে উইজডেনের প্রতীকে। ১৮৮৯ সাল থেকে শুরু উইজডেন ক্রিকেটার অব দ্য ইয়ার ঘোষণা। ক্যারিয়ারে যে সম্মান একজন পেতে পারেন মাত্র একবারই। মূলত ইংলিশ মৌসুমের পারফরম্যান্সই বিবেচিত হয় এতে, তার পরও যেকোনো ক্রিকেটারই এই স্বীকৃতি মাথায় করে রাখেন। ১৯৯৩ সালের পাঁচ বর্ষসেরার একজন অ্যালেক স্টুয়ার্ট যেমন বলছেন, ‘উইজডেন বর্ষসেরা মনোনীত হওয়াটা ছিল দারুণ সম্মানের, কারণ জানতাম যে স্বীকৃতিটা এসেছে খেলাটির মহান একটি প্রতিষ্ঠান থেকে।’ এএফপি, ওয়েবসাইট।‘ক্রিকেটের বাইবেল’ হিসেবে উইজডেনের ভাবমূর্তি গড়ে উঠেছে মূলত নির্ভুল পরিসংখ্যান ও স্বাধীন সম্পাদকীয় নীতির কারণে। ইন্টারনেট জমানার আগে বলতে গেলে ক্রিকেটের নানা সময়ের নির্ভরযোগ্য পরিসংখ্যানের একমাত্র অবলম্বন ছিল উইজডেন। সারা বছর লোকে অপেক্ষা করে থাকত এটির জন্য। থাকে এখনো। তবে সময়ের বাস্তবতা কিছু প্রশ্নও তুলছে। স্রেফ একটি ক্লিকে এখন চোখের সামনে চলে আসে সব পরিসংখ্যান, ইন্টারনেটে সব সময়ই পাওয়া যাচ্ছে হালনাগাদ তথ্য। দেড় শ ছুঁলেও উইজডেন কি ডাবল সেঞ্চুরি করতে পারবে? বর্তমান সম্পাদক লরেন্স বুথ আশা হারানোর কিছু দেখছেন না, ‘যুগটা এখন টুইট ও ব্লগিংয়ের। তবে এই সময়েও আমরা একটু পেছন ফিরে তাকানো এবং বিবেচনাবোধপূর্বক দৃষ্টিভঙ্গিকে মূল্য দেওয়ার চেষ্টা করি। এটি যে এখনো টানে, সেটার প্রমাণ লোকে এখনো উইজডেন কেনে। যত দিন না কেনা বন্ধ হচ্ছে, আমরা এটা বের করেই যাব।’