উইজডেনে বর্ষসেরা চার ক্রিকেটার
উইজডেন ক্রিকেটার্স অ্যালম্যানাকের ২০১১ সালের সংস্করণের জন্য ঘোষণা করা হয়েছে বর্ষসেরা চার ক্রিকেটারের নাম। এঁদের মধ্যে রয়েছেন প্রথম বাংলাদেশি হিসেবে স্থান পাওয়া তামিম ইকবাল, ইয়েন মর্গান, জোনাথন ট্রট ও ক্রিস রিড। আজ শুক্রবার বাংলাদেশ সময় সকাল ছয়টায় বর্ষসেরা এই চার খেলোয়াড়ের নাম ঘোষণা করা হয়। উইজডেনের ১৪৮তম সংস্করণ প্রকাশিত হবে ১৪ এপ্রিল।তামিম ছাড়া অন্য তিনজন ইংল্যান্ডের খেলোয়াড়। ক্রিস রিড নটিংহ্যামশায়ারের অধিনায়ক। তাঁর নেতৃত্বে এবার দলটি কাউন্টি ক্রিকেটে চ্যাম্পিয়ন হয়। তবে বিশেষ কৃতিত্বের জন্য ২০১১ সালের সংস্করণে স্থান পেয়েছেন অ্যালিস্টার কুকও। তিনি অ্যাশেজ সিরিজে ভালো খেলেছেন। তবে উইজডেনে প্রাধান্য দেওয়া হয় ইংল্যান্ডে গ্রীষ্মকালীন কৃতিত্বকে। এ সময়ে কুকের ফর্ম অতটা ভালো ছিল না। তাই তিনি মূল তালিকায় স্থান পাননি।১৯২৬ সালের পর এই প্রথম বর্ষসেরা পাঁচ ক্রিকেটার নির্বাচনের রীতির ব্যত্যয় ঘটছে। ঘোষণা করা হয়েছে চারজন বর্ষসেরা ক্রিকেটারের নাম।উইজডেন সম্পাদক শিল্ড বেরি পাঁচজনকেই নির্বাচন করেছিলেন, কিন্তু তাঁদের একজন স্পট ফিক্সিং কেলেঙ্কারিতে জড়িয়ে যাওয়ায় তাঁকে বাদ দিতে হয়েছে। উইজডেনে ওই ক্রিকেটারের নাম উল্লেখ করা হয়নি। তবে বেরি বলেছেন, ‘যদি তিনি অভিযোগ থেকে মুক্তি পেতেন, তা হলে তাঁকে পুনর্বিবেচনা করা যেত। এ কারণেই আমি তাঁর বদলে আর কাউকে বেছে নিইনি। এখন পর্যন্ত যা পরিস্থিতি, তাতে তাঁকেও রাখা যায় না। পুরো ব্যাপারটাই খুব দুঃখজনক।’