উইজডেনের বর্ষসেরার তালিকায় বাংলাদেশের দুই ছবি

গোবিন্দগঞ্জে কিশোরদের ক্রিকেটের এ ছবি জায়গা পেয়েছে উইজডেনের বর্ষসেরা ছবির সংক্ষিপ্ত তালিকায়আব্দুল মমিন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উইজডেনের ২০২১ সালের বর্ষসেরা ছবির সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেয়েছে বাংলাদেশের দুই ছবি। সৈয়দ মাহাবুবুল কাদের ও আবদুল মমিনের দুটি ছবি জায়গা পেয়েছে এ তালিকায়। মোট ৩০০টি ছবি থেকে এ বছরের জন্য ১০টি নির্বাচিত ছবি প্রকাশ করেছে উইজডেন।

দ্য হানড্রেডে অ্যালিস ক্যাপসি, হেডিংলিতে
স্টু ফস্টার

মাহাবুবুলের ছবিটি ঢাকার, হুইলচেয়ার ক্রিকেটের। মমিনের ছবিটি গাইবান্ধার গোবিন্দগঞ্জের, শর্ষেখেতে কিশোরদের ক্রিকেট খেলার।

উইজডেনের বর্ষসেরা ছবি ২০২১
ডেভিড গ্রে

২০২১ সালের জন্য উইজডেনের বর্ষসেরা ছবিটি অস্ট্রেলীয় ফটোগ্রাফার ডেভিড গ্রের তোলা। ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে দুবাইয়ে ইংল্যান্ড-অস্ট্রেলিয়া ম্যাচের ছবি সেটি। ৭১ রানের ম্যাচজয়ী ইনিংস খেলার পথে রান নেওয়ার সময় লাফিয়ে উঠেছিলেন বাটলার, নিচে ছিলেন স্টিভেন স্মিথ।

নির্বাচকদের মতে, টি-টোয়েন্টি ক্রিকেটের অ্যাথলেটিসিজম, রোমাঞ্চ ও গতি—দারুণভাবে ফুটে উঠেছে এ ছবিতে। এ ছবির জন্য ১ হাজার পাউন্ড পুরস্কার পাবেন গ্রে।

ঢাকায় হুইলচেয়ার ক্রিকেট
সৈয়দ মাহাবুবুল কাদের

সব মিলিয়ে পঞ্চম অস্ট্রেলীয় হিসেবে এ পুরস্কার জিতলেন গ্রে। গত বছর এটি জিতেছিলেন সাবেক অস্ট্রেলিয়া অধিনায়ক স্টিভ ওয়াহ।

উইজডেন বর্ষসেরা ছবি রানারআপ ২০২১
নাথান কার্ক

এবার দুটি রানারআপ পুরস্কারই পেয়েছেন দুই ইংলিশ ফটোগ্রাফার। ট্রেন্টব্রিজে দ্য হানড্রেডের ম্যাচে ট্রেন্ট রকেটসের ম্যাথু কার্টারের ক্যাচ ফেলেছিলেন ফিন অ্যালেন। এ ছবি তুলেছেন নাথান কার্ক।

টি-টোয়েন্টি বিশ্বকাপে যশপ্রীত বুমরার অনুশীলন, আবুধাবিতে
গ্যারেথ কোপলি

রানারআপ পুরস্কার পাওয়া আরেকটি ছবি ক্রিস স্ট্রিকল্যান্ডের তোলা। ক্রিকেট খেলেছেন, এমন যে কারোরই হয়তো এমন স্মৃতি আছে। নর্দাম্বারল্যান্ডের উলার ক্রিকেট ক্লাবের চারজন হারিয়ে যাওয়া বল খুঁজছিলেন পাশের খেতে। গত বছরের ৫ জুন তোলা হয়েছিল ছবিটি।

উইজডেন বর্ষসেরা ছবি রানারআপ ২০২১
ক্রিস স্ট্রিকল্যান্ড

সংক্ষিপ্ত তালিকায় জায়গা পাওয়া ১০টি ছবি লন্ডনের ওভালে এক বছরের জন্য প্রদর্শনীতে থাকবে। এ বছরের ‘উইজডেন ক্রিকেটারস অ্যালম্যানাক’–এও জায়গা পেয়েছে এগুলো।

এ ছবি কাশ্মীরের
ফয়সাল খান

উইজডেন সম্পাদল লরেন্স বুথ বলেছেন, ‘যেসব ছবি এসেছিল, বরাবরের মতোই অনেক উঁচু মানের ছিল। প্রত্যাশিত ও অপ্রত্যাশিত ছবির মিশ্রণ ছিল, আন্তর্জাতিক এবং ক্লাব ক্রিকেটেও।’

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে কেইন উইলিয়ামসন
অ্যালেক্স ডেভিডসন

সানডে টাইমসের প্রধান স্পোর্টস ফটোগ্রাফার ক্রিস স্মিথ ছিলেন প্রধান নির্বাচক।

আউট হওয়ার পর জো রুটের হতাশা, ওভালে, ভারতের বিপক্ষে
গ্যারেথ কোপলি