উইন্ডিজ-অস্ট্রেলিয়া ম্যাচ ‘টাই’
বেশ ভালোই জমে উঠেছে ওয়েস্ট ইন্ডিজ ও অস্ট্রেলিয়ার মধ্যকার ওয়ানডে সিরিজ। প্রথম ম্যাচে ৬৪ রানের জয় দিয়ে সফরটা ভালোভাবেই শুরু করেছিল অস্ট্রেলিয়া। দ্বিতীয় ম্যাচেই আবার ঘুরে দাঁড়িয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। সফরকারীদের ৫ উইকেটের হারের স্বাদ দিয়ে ৫ ম্যাচের এই সিরিজে সমতা ফিরিয়েছিল স্বাগতিকেরা। গতকাল তৃতীয় ম্যাচে সিরিজটা কিছুটা নাটকীয় মোড়ই নিয়েছে নাটকীয় এক ড্র দিয়ে। জয়ের জন্য যখন আর মাত্র এক রান দরকার তখন দুর্ভাগ্যজনকভাবে রানআউটের শিকার হন উইন্ডিজ অধিনায়ক ড্যারেন স্যামি। দুই বল হাতে থাকলেও পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়তে হয় ক্যারিবীয়দের।টসে জিতে ব্যাট করতে নেমে জর্জ ব্যালি ও মাইক হাসির লড়াকু ব্যাটিংয়ে স্কোরবোর্ডে ২২০ রান জমা করে অস্ট্রেলিয়া। মাত্র ৫৮ রানেই ৩ উইকেটের পতনের পর চতুর্থ উইকেটে ১১২ রানের ধৈর্যশীল জুটি গড়ে তোলেন এই দুই অসি ব্যাটসম্যান। স্যামুয়েলসের শিকারে পরিণত হয়ে সাজঘরে ফেরার আগে জর্জ ব্যালি করেছিলেন ৫৯ রান। আর হাসির ব্যাট থেকে আসে ৬৭ রান। ওয়েস্ট ইন্ডিজের পক্ষে মাত্র ৩২ রান দিয়ে তিনটি উইকেট শিকার করেন সুনিল নারিন।জয়ের জন্য ২২১ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে কখনোই খুব বেশি বড় জুটি গড়ে তুলতে পারেনি উইন্ডিজ ব্যাটসম্যানরা। জনসন চার্লসের ৪৫, কাইরন পোলর্ডের ৩৬, কার্লটন বাফের ৩৩, আন্দ্রে রাসেলের ৩৭ রানের ছোট ছোট ইনিংসগুলো দিয়েই জয়ের দ্বারে প্রায় পৌঁছেই গিয়েছিল স্বাগতিকেরা। শেষ চার বলে যখন আর পাঁচ রান দরকার তখন ব্রেট লিকে দুর্দান্ত এক চার মেরে স্কোর সমান করেন ড্যারেন স্যামি। জয় যখন হাতের নাগালে তখন ট্রাজিক ভিলেনে পরিণত হন উইন্ডিজ অধিনায়ক। পরের বলেই তাড়াহুড়া করে জয়সূচক রানটি নিতে গিয়ে রানআউট হন তিনি। টাই মেনে নিয়েই মাঠ ছাড়তে হয় ওয়েস্ট ইন্ডিজকে।