উইন্ডিজ, অস্ট্রেলিয়ার জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইংল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে হাফ সেঞ্চুরি করে ভারতের বিরাট কোহলির উদ্যাপন। আগে হাফ সেঞ্চুরি করেছেন সুরেশ রায়নাও । প্রথম আলো
ইংল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে হাফ সেঞ্চুরি করে ভারতের বিরাট কোহলির উদ্যাপন। আগে হাফ সেঞ্চুরি করেছেন সুরেশ রায়নাও । প্রথম আলো

দুই বছরে শ্রীলঙ্কা ব্যবধান কমাতে পেরেছে ৩ রান! গত টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালের পর কালই প্রথম মুখোমুখি হলো ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কা। কলম্বোর ফাইনালে ৩৬ রানে হারা লঙ্কানরা কাল প্রস্তুতি ম্যাচে মিরপুরে হেরেছে ৩৩ রানে। ইংল্যান্ডের পর শ্রীলঙ্কাকেও হারিয়ে ক্যারিবিয়ানরা জানিয়ে দিল, শিরোপা ধরে রাখতে তারা প্রস্তুত। প্রস্তুতিপর্বে কাল দারুণ জমেছিল ট্রান্স-তাসমান লড়াই। ফতুল্লায় অস্ট্রেলিয়ার ২০০ রান তাড়া করে জয়ের সুবাস পাচ্ছিল নিউজিল্যান্ড। কিন্তু শেষ পর্যন্ত হেরেছে ৩ রানে।
অস্ট্রেলিয়ার রানটা অবশ্য হতে পারত আরও বেশি! বোলারদের জন্য এবার কী যন্ত্রণা অপেক্ষা করছে, কাল সেটার একটা নমুনা দেখিয়েছেন ডেভিড ওয়ার্নার ও অ্যারন ফিঞ্চ। ৪৮ বলেই দুজন গড়েছেন ১১৩ রানের জুটি! ৭ চার ও ৫ ছক্কায় ২৬ বলে ৬৫ করেছেন ওয়ার্নার, ২২ বলে ৪৭ ফিঞ্চ। কিউই বোলারদের স্বস্তি দিয়ে ৮ ওভার শেষে স্বেচ্ছা অবসরে গেছেন দুজনই। তিনে নেমে তিন ছক্কায় ১৮ বলে ২৭ করেছেন ওয়াটসন। ১৩ ওভারে অস্ট্রেলিয়ার রান ছিল ১৪৮! নিয়মিত উইকেট হারানোয় সেই গতি আর থাকেনি। মার্টিন গাপটিল (৩৪ বলে ৬২), ব্রেন্ডন ম্যাককালামের (১৮ বলে ৩৭) ব্যাটে কিউইরাও ছিল রান তাড়ার পথেই। ব্র্যাড হগ ১ ওভারে ২ উইকেট নিলেও কোরি অ্যান্ডারসন (১৭ বলে ২৯) ও লুক রনকির (১৫ বলে ২১) ৫ ওভারে ৫১ রানের জুটিতে দলকে নিয়ে যায় জয়ের হাত ছোঁয়া দূরত্বে। ৫ উইকেট হাতে নিয়ে ১১ বলে দরকার ছিল ১৩। কিন্তু স্টার্ক আর কোল্টার-নাইল মিলে ৩ উইকেট নিয়ে রান দেন মাত্র ৯।
ক্রিস গেইল ১৩ বলে ১২ রানে ফিরলেও তাঁর ওপেনিং সঙ্গী ডোয়াইন স্মিথ করেছেন ৪৫ বলে ৬০। পরে ডোয়াইন ব্রাভোর ৩১ বলে ৪৩ ও ড্যারেন স্যামির ১৪ বলে অপরাজিত ৩০ রানে ওয়েস্ট ইন্ডিজ তোলে ১৭২। জবাবে তিলকরত্নে দিলশান রানে ফেরার (৩৬ বলে ৪৩) ইঙ্গিত দিলেও রান পাননি আর কেউ। সুনীল নারাইন ৪ উইকেট নিয়ে লঙ্কানদের গুটিয়ে দেন ১৩৯ রানে।
দিনের অন্য দুই প্রস্তুতি ম্যাচে ভারত জিতলেও হেরেছে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান। মিরপুরে ইংল্যান্ডের বিপক্ষে কোহলি (৪৮ বলে ৭৪*) ও রায়নার (৩১ বলে ৫৪) ফিফটিতে ভারত ৪ উইকেটে করে ১৭৮ রান। ইংল্যান্ড করে ৬ উইকেটে ১৫৮। সর্বোচ্চ ৪৬ রান মঈন আলীর।
আর ফতুল্লায় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ব্যাটিং বিপর্যয়ে পড়ে ৭১ রানে অলআউট পাকিস্তান ম্যাচ হেরেছে ৮ উইকেটে।