উইন্ডিজ দলে ফিরলেন স্যামুয়েলস-রামদিন
ওয়েস্ট ইন্ডিজের টেস্ট দলে ফিরলেন মারলন স্যামুয়েলস ও দিনেশ রামদিন। মে-জুনে অনুষ্ঠেয় ইংল্যান্ড সফরের টেস্ট দলে এই দুজন যেমন ফিরেছেন, তেমনি বাদ পড়েছেন উইকেটরক্ষক কার্লটন বাফ এবং ওপেনার ক্রেইগ ব্রাফেট। টেস্ট না খেলা দুজন ক্রিকেটারও আছেন ১৫ সদস্যের ঘোষিত স্কোয়াডে—ত্রিনিদাদের ২৩ বছর বয়সী ফাস্ট বোলার শ্যানন গ্যাব্রিয়েল ও গায়ানার মিডল-অর্ডার ব্যাটসম্যান আসাদ ফুদাদিন।ওয়েস্ট ইন্ডিজের হয়ে রামদিন সর্বশেষ টেস্ট খেলেছেন গত বছর জুনে, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। হাতের চোটের কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে সদ্য সমাপ্ত সিরিজের বাইরে ছিলেন। এই সিরিজে উইকেটের পেছনে কার্লটন বাফ ভালো করলে হয়তো রামদিনের ফেরাটা আরও বিলম্বিত হতো। কিন্তু বাফের ব্যর্থতাই রামদিনের দলে ফেরাটা সহজ করে দিয়েছে। ইংল্যান্ডগামী দলে ব্রাফেটের জায়গা না হওয়াও তাঁর বাজে পারফরম্যান্স (১৪.২০ গড়ে ৭১ রান)। একই কারণে জায়গা হারিয়েছেন লেগ স্পিনার দেবেন্দ্র বিশুও।তবে অস্ট্রেলিয়া সিরিজে ভালো খেলার পুরস্কারও পেয়েছেন কেউ কেউ। যেমন অফ স্পিনার শেন শিলিংফোর্ড, ডমিনিকা টেস্টে যিনি নিয়েছেন ১০ উইকেট। আইপিএলের কারণে অস্ট্রেলিয়া সিরিজ না খেলা স্যামুয়েলসকেও ইংল্যান্ড সফরে স্পিন আক্রমণে বিকল্প পছন্দ ভাবা হচ্ছে। রয়টার্স।১৭ মে লর্ডস টেস্ট দিয়ে শুরু হবে ওয়েস্ট ইন্ডিজের ইংল্যান্ড সফর। ৩টি টেস্ট ছাড়াও সফরে ৩টি ওয়ানডে এবং ১টি টি-টোয়েন্টি খেলবে ওয়েস্ট ইন্ডিজ। এএফপি, ওয়েস্ট ইন্ডিজ দল: ড্যারেন স্যামি (অধিনায়ক), কার্ক এডওয়ার্ডস (সহ-অধিনায়ক), আদ্রিয়ান বারাথ, ড্যারেন ব্রাভো, শিবনারায়ণ চন্দরপল, নরসিং দেওনারায়ণ, ফিদেল এডওয়ার্ডস, আসাদ ফুদাদিন, শ্যানন গ্যাব্রিয়েল, কাইরান পাওয়েল, কেমার রোচ, দিনেশ রামদিন, রবি রামপল, মারলন স্যামুয়েলস, শেন শিলিংফোর্ড।