উইন্ডিজ সফরে থাকছেন হরভজন
আইপিএলের পর পরই ওয়েস্ট ইন্ডিজ সফরে যেতে রাজি হচ্ছিলেন না ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি, শচীন টেন্ডুলকারসহ ভারতের বেশ কয়েকজন তারকা ক্রিকেটার। বিশ্বকাপ-আইপিএলে ব্যস্ত সময় কাটানোর পর তাঁরা কিছুদিন বিশ্রাম চাচ্ছিলেন, এমন রিপোর্ট প্রকাশিত হয়েছিল ভারতীয় সংবাদমাধ্যমে। এঁদের মধ্যে অফস্পিনার হরভজন সিংও ছিলেন। তবে গতকাল এমন সম্ভাবনা একেবারেই উড়িয়ে দিয়েছেন ভাজ্জি। উইন্ডিজ সফরে যাবেন বলে সবাইকে আশ্বস্ত করেছেন তিনি। গতকাল সাংবাদিকদের সঙ্গে আলাপকালে হরভজন বলেছেন, ‘সিনিয়র ক্রিকেটাররা ওয়েস্ট ইন্ডিজ সফরে যেতে চান না, এমন খবর পত্রিকাগুলো কীভাবে পেয়েছে, জানি না। আমি অন্তত যেতে পারব, এটা নিশ্চিত।’আইপিএলে এখন পর্যন্ত ছয় ম্যাচ শেষে ১০ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে হরভজনের মুম্বাই ইন্ডিয়ানস। আজ রাজস্থান রয়্যালসের বিপক্ষে মাঠে নামার আগে নিজেদের পারফরমেন্স নিয়ে সন্তুষ্টিই প্রকাশ করেছেন এই অফস্পিনার। বলেছেন, ‘আমরা এখন পর্যন্ত যেভাবে খেলে যাচ্ছি, তাতে আমি খুবই খুশি। সব ম্যাচেই কেউ না কেউ ভালো খেলতে পারছে। যেমন শেষ ম্যাচে রোহিত শর্মা আর অ্যান্ড্রু সাইমন্ডসের অসাধারণ ব্যাটিংয়ে আমরা ম্যাচ জেতানো স্কোর করেছিলাম।’ ফিল্ডিং কোচ জন্টি রোডসেরও ভূয়সী প্রশংসা করেছেন ভাজ্জি। ভালো ফিল্ডিংও মুম্বাইয়ের একটা অন্যতম বড় শক্তি বলে উল্লেখ করেছেন তিনি। টাইমস নিউজ নেটওয়ার্ক।