উইন্ডিজ সফরে না-ও থাকতে পারেন ধোনি-টেন্ডুলকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বকাপ অভিযান শেষ হতে না-হতেই শুরু হয়ে গেছে আইপিএলের চতুর্থ আসর। এরপর জুনের শুরুতেই আছে ভারতের ওয়েস্ট ইন্ডিজ সফর। সফল বিশ্বকাপ মিশন শেষ করে এ ব্যস্ত সময়সূচির সঙ্গে ঠিক মানিয়ে নিতে পারছেন না ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি, শচীন টেন্ডুলকাররা। কিছুদিন বিশ্রাম নেওয়ার জন্য উইন্ডিজ সফরে না-ও যেতে পারেন ধোনি, টেন্ডুলকারসহ ভারতের অন্তত পাঁচ-ছয়জন সিনিয়র ক্রিকেটার। ভারতীয় ক্রিকেট বোর্ডের এক ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে এ খবর জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।বিশ্বকাপ চলাকালেই কিছুটা ইনজুরি সমস্যায় ভুগছিলেন ভারতীয় ওপেনার বীরেন্দর শেবাগ। পুরোপুরি ফিট হয়ে ওঠার জন্য তিনি না-ও যেতে পারেন ওয়েস্ট ইন্ডিজে। বিশ্রামের সুযোগ দেওয়া হতে পারে ধোনি, টেন্ডুলকার, গৌতম গম্ভীর, জহির খান ও হরভজন সিংকে। এঁদের মধ্যে কেউ কেউ ইতিমধ্যেই বিশ্রামের আবেদন জানিয়ে ক্রিকেট বোর্ডের কাছে চিঠি লিখেছেন বলে জানা গেছে। ওয়েস্ট ইন্ডিজ সফরে গিয়ে তিনটি টেস্ট ও পাঁচটি ওয়ানডে খেলবে ভারত।সিনিয়র ক্রিকেটারদের যদি শেষ পর্যন্ত বিশ্রাম দেওয়াই হয়, তাহলে ভাগ্য খুলতে পারে আইপিএলে ভালো পারফরমেন্স দেখানো কিছু তরুণ ক্রিকেটারের। কিংস ইলেভেন পাঞ্জাবের পল ভালথাটি বা মুম্বাই ইন্ডিয়ানসের আম্বাতি রাইডু দলে সুযোগ পেতে পারেন বলে ধারণা করছে অনেকে। ধোনির অনুপস্থিতিতে অধিনায়কত্বের ভার দেওয়া হতে পারে বিশ্বকাপে দুর্দান্ত পারফরমেন্স দেখানো যুবরাজ সিংয়ের হাতে।