উইন্ডিজই গেইল-ঝড়ের লক্ষ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওয়েস্ট ইন্ডিজের উপেক্ষার জবাব কি ব্যাটেই দিচ্ছেন ক্রিস গেইল? যত বেশি অবহেলার শিকার হচ্ছেন ততই যেন চওড়া হচ্ছে তাঁর ব্যাট। বিতর্কিতভাবে জাতীয় দল থেকে বাদ পড়ে বারবার আকুতি জানিয়েছেন দলে ফেরার। কোথায় কী? উল্টো গত সপ্তাহেই তাঁকে বাদ দিয়ে দেওয়া হলো ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের কেন্দ্রীয় চুক্তি থেকে।সেই জ্বালা যেন জুড়াচ্ছেন চ্যাম্পিয়নস লিগ টি-টোয়েন্টিতে। গেইল-ঝড়ে লন্ডভন্ড হয়ে যাচ্ছে প্রতিপক্ষরা। গেইল-তাণ্ডবে সেমিফাইনালেই শেষ হয়ে গেছে নিউ সাউথ ওয়েলসের স্বপ্ন। ২০০ রানও মামুলি বানিয়ে ছেড়েছেন, মাত্র ৪১ বলে করেছেন ৯২! আট ছক্কার সঙ্গে মেরেছেন সমানসংখ্যক চার। এর সঙ্গে যোগ হয়েছিল বিরাট কোহলির ৪৯ বলের ৮৪ রানের ইনিংস। ফল ২০৩ করেও ৯ বল বাকি থাকতেই ৬ উইকেটে হার অস্ট্রেলিয়ানদের।টি-টোয়েন্টির ইতিহাসে প্রথম ব্যাটসম্যান হিসেবে ডেভিড ওয়ার্নারের পরপর দুটি সেঞ্চুরির কীর্তিও আড়ালে পড়ে গেছে। টানা দুই ম্যাচে দুই শর বেশি রান তাড়া করে জিতে ফাইনালে ভেট্টোরির দল। অথচ চূড়ান্ত পর্বের প্রথম দুই ম্যাচে হেরে সেমিফাইনালই সংশয়ে পড়ে গিয়েছিল। গ্রুপ পর্বের শেষ ম্যাচে সমারসেটের বিপক্ষে ৪৬ বলে ৮৬ করেছিলেন গেইল। ৫১ রানে সেই ম্যাচে জিতেই শেষ চারে জায়গা করে নিয়েছিল আগের ম্যাচে কলকাতাকে হারানো বেঙ্গালুরু।এবারের চ্যাম্পিয়নস লিগে এখন পর্যন্ত করেছেন দ্বিতীয় সর্বোচ্চ ২৫২ রান। স্ট্রাইক রেট ১৯০.৯০! সর্বোচ্চ ২৪টি ছক্কা মেরেছেন। তার পরও গেইলের মনে মেঘ না ভেসে পারে না। বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজ দলের সঙ্গে থাকতে পারতেন তিনিও। কিন্তু ম্যানেজমেন্ট যে তাঁকে চায় না। ভাবছে তাঁকে ছাড়াই চলবে!তবে যাঁরা এ রকম ভাবছেন তাঁদের একহাত নিয়েছেন গেইল। পরশু ম্যাচের পর টুইট করেছেন, ‘কে বলেছে তারা আমাকে মিস করবে না অথবা দলে আমাকে প্রয়োজন নেই? যে এটা বলে সে অবশ্যই দিবাস্বপ্ন দেখে! জেনে রাখুন, আমি এখনো (দলের জন্য) যেকোনো কিছু করতে প্রস্তুত।’ এএফপি।