উইন্ডিজকে নিয়ে সাবধানী পন্টিং
ওয়েস্ট ইন্ডিজ পারেনি। ওয়েস্ট ইন্ডিজ পেরেছে। ওয়েস্ট ইন্ডিজ পারবে?১৭ বছর পর অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ জেতার সুযোগ পেয়েছিল। সুযোগটা কাজে লাগাতে পারেনি। টি-টোয়েন্টি সিরিজে পিছিয়ে পড়ার পর অবশ্য ঠিকই সমতা ফেরাতে পেরেছে। ২০ বছর হয়ে গেল অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ জিততে পারেনি। এবার পারবে? প্রশ্নটা শুনে অনেকে হাসতে পারেন। টেস্ট সিরিজ জেতা তো দূর-অস্ত, অস্ট্রেলিয়ার বিপক্ষে গত ১৩ বছরে মাত্র একটা টেস্ট জিতেছে ক্যারিবীয়রা। এ সময়ে দুই দলের মুখোমুখি ১৯ টেস্টের ১৬টাতেই তাদের হার। শুধু অস্ট্রেলিয়ার বিপক্ষে কেন? ক্রিকেটের অভিজাত লড়াইয়ের মাঠে ওয়েস্ট ইন্ডিজের সাম্প্রতিক ইতিহাস রীতিমতো করুণ। সর্বশেষ ২৮ টেস্টের মাত্র তিনটিতে জয়। র্যাঙ্কিংয়ে নেমে যাওয়া সাতে। একসময়ের ক্রিকেট অধিপতির এই অন্ধকারে তলিয়ে যাওয়ার সূচনা অস্ট্রেলিয়ার হাতেই। ১৯৯৫ সালে সফরকারী অস্ট্রেলিয়ার সিরিজ জিতে যাওয়ার মধ্য দিয়েই আনুষ্ঠানিকভাবে ঘোষিত হয় ক্যারিবীয়-দুর্গের পতন।এর পর ক্ষমতার পালাবদল হয়েছে আরও এক দফা। অস্ট্রেলিয়াও তাদের সাম্রাজ্য হারিয়েছে। অবশ্য তরুণ তুর্কিদের কাঁধে চেপে ধীরে ধীরে ঘুরে দাঁড়াচ্ছে অস্ট্রেলিয়া। সর্বশেষ ভারতকে নিজেদের মাঠে ধবলধোলাইও করেছে। ৭ এপ্রিল ব্রিজটাউনে শুরু হতে যাওয়া তিন টেস্টের সিরিজে তারাই ফেবারিট। তার পরও কিন্তু সতীর্থদের সাবধান করে দিচ্ছেন রিকি পন্টিং, ‘গত রোববার আমরা এ নিয়েই কথা বলেছি, ওয়েস্ট ইন্ডিজ কতটা কঠিন হয়ে উঠতে পারে, এখানে টেস্ট সিরিজ জিততে হলে আমাদের কী করতে হবে। আমরা অবশ্যই জয় নিশ্চিত ধরে নিচ্ছি না। ওদের হালকা করে দেখারও প্রশ্ন আসে না।’অধিনায়কের জোয়াল আর কাঁধে নেই। তার পরও সবচেয়ে বয়োজ্যেষ্ঠ হিসেবে তরুণদের পথ দেখানোর দায়িত্বটা পন্টিং নিজেই তুলে নিয়েছেন, ‘আগামী কয়েক দিন এটাই হবে আমার কাজের বড় অংশ, যেন ছেলেরা ভেসে না যায়। ক্রিকেট-বিশ্বের কোনো পরাশক্তির বিপক্ষে যেভাবে প্রস্তুতি নিতাম, আমাদের সেভাবেই প্রস্তুত হতে হবে।’ এটা তাঁর চতুর্থ ওয়েস্ট ইন্ডিজ সফর। কিন্তু এই দলের অনেকেরই জন্য প্রথম। ফলে অভিজ্ঞতার সিন্দুকটা তরুণদের জন্য খোলাই রাখছেন পন্টিং। এখানে সব সময়ই সফল হয়েছেন। ওয়েস্ট ইন্ডিজে ব্যাটিং-গড় ৭৮! তা ছাড়া এবার পন্টিংয়ের জন্য বাড়তি আত্মবিশ্বাস হয়ে থাকবে ভারতের বিপক্ষে গত সিরিজে নিজেকে নতুন করে আবিষ্কার করা (১০৮.৮ গড়ে ৫৪৪ রান)। দেখা যাক, সম্ভবত নিজের শেষ ক্যারিবীয় সফরটা স্মরণীয় করে রাখতে পারেন কি না।এই সিরিজ অবশ্য ম্যাথু ওয়েডের জন্যও এমনিতেই বিশেষ স্মরণীয় হয়ে থাকবে। কোনো অঘটন না ঘটলে আরাধ্য ব্যাগি গ্রিন টুপিটা এবার পেয়েই যাচ্ছেন অস্ট্রেলীয় উইকেটরক্ষক। ওয়েবসাইট।