উইন্ডিজকে সমীহ ইংল্যান্ডের!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্যারিবিয়ান পেস বোলিংয়ের সুদিন কি ফিরল?রবার্টস-গার্নার- হোল্ডিং-মার্শালদের সঙ্গে তুলনা চলে না। রাখা যায় না ওয়ালশ-অ্যামব্রোস-বিশপদের কাছাকাছিও। তবে ওয়ালশ-অ্যামব্রোস পরবর্তী যুগে ক্যারিবিয়ান পেস আক্রমণ নিয়ে এত আলোচনাই বা আর কবে হয়েছে! গত কয়েকটি সিরিজেই প্রতিপক্ষের দারুণ সমীহ পাচ্ছে ওয়েস্ট ইন্ডিজের বর্তমান দলের পেস আক্রমণ। ব্যতিক্রম নয় আজ লর্ডসে শুরু হতে যাওয়া উইজডেন ট্রফিও।র‌্যাঙ্কিংয়ের এক নম্বর দলের সঙ্গে সাত নম্বর দলের লড়াই। ইংল্যান্ড পরিষ্কার ফেবারিট, বাজির দরে সবচেয়ে বেশি ওয়েস্ট ইন্ডিজের ‘হোয়াইটওয়াশ’ হওয়া। সফর শুরুর সংবাদ সম্মেলনে কোচ ওটিস গিবসন বলেছিলেন, ‘গতবার লর্ডস টেস্ট আড়াই দিনে হেরেছি, এবার চার দিন খেলতে পারলেই খুশি!’ ইংল্যান্ডের মাটিতে সর্বশেষ ১৮ টেস্টের একটি জিতেছে ওয়েস্ট ইন্ডিজ। সব মিলিয়ে গত ৩০ টেস্টে জিতেছে মাত্র দুটি। তার পরও এই দল ইংলিশদের সমীহ পাচ্ছে ওই পেস আক্রমণের কারণে। কন্ডিশনটাকেও পক্ষে দেখে ওয়েস্ট ইন্ডিজ কোচ চার পেসার নিয়ে মাঠে নামার পরিকল্পনা করছেন। রোচ-এডওয়ার্ডস-রামপল-স্যামিকে নিয়ে তাদের বোলিং আক্রমণ।শুধু পেস আক্রমণকে সমীহ করতে বললে সামান্য ভুল হবে। ব্যাটিংটা ক্যারিবিয়ানদের সবচেয়ে দুর্বল জায়গা। কিন্তু এই ব্যাটিং লাইনআপেই আছে এক মহীরুহ। ৩৮ ছুঁইছুঁই বয়সেও শিবনারায়ণ চন্দরপল আছেন সেই আগের মতোই। নিজের উইকেট এখনো তাঁর কাছে জীবনের সবচেয়ে দামি জিনিস, বোলাররা গলদঘর্ম তাঁর রক্ষণদেয়াল ভাঙতে। সদ্য সমাপ্ত ফ্রাঙ্ক ওরেল ট্রফিতেও দুই দল মিলিয়ে করেছেন সর্বোচ্চ রান (৩৪৬)। সব মিলিয়ে প্রতিপক্ষকে শ্রদ্ধাই করছেন ইংলিশ পেসার স্টুয়ার্ট ব্রড, ‘ওদের কোচ ওটিস গিবসন তিন বছর ইংল্যান্ড দলের হয়ে কাজ করেছেন, আছে দারুণ দ্রুতগতির দুজন বোলার (রোচ-এডওয়ার্ডস), চন্দরপলের মতো অসাধারণ একজন ব্যাটসম্যান আছেন, যাঁর আছে ইংল্যান্ডে অসংখ্যবার খেলার অভিজ্ঞতা। অবশ্যই ওদের নিয়ে আমাদের সতর্ক থাকতে হবে।’ইংল্যান্ডের জন্য সিরিজটাকে বলা যায় খুব ‘ঝুঁকি’র। পাওয়ার আছে সামান্য, তবে হারানোর আছে অনেক। প্রত্যাশা যখন থাকে হোয়াইটওয়াশের, সেই চাপটাও বহন করা সহজ নয়। দুঃসহ গত কিছুদিনকে পেছনে ফেলার সিরিজ এটা। পাকিস্তানের কাছে হোয়াইটওয়াশ হওয়ার পর এক নম্বররা শ্রীলঙ্কাতেও হেরেছিল প্রথম টেস্ট। দ্বিতীয় টেস্ট জিতে কোনো রকমে ধরে রাখতে পেরেছে নিজেদের শীর্ষস্থান। এই সিরিজ তাই আত্মবিশ্বাস পুনরুদ্ধারের সিরিজও। চার বোলার নিয়ে খেলার সম্ভাবনাই বেশি ইংলিশদের, জনি বেয়ারস্টো তাই টেস্ট ক্যাপ সম্ভবত পেয়েই যাচ্ছেন।ক্যারিবিয়ানদের সবচেয়ে বড় দুশ্চিন্তা টপ অর্ডার। বারাথ-পাওয়েল-এডওয়ার্ডস-ব্রাভোদের নিয়ে গড়া টপঅর্ডার সম্ভাবনাময়, তবে অভিজ্ঞতায় নবিশ। চন্দরপলকে ব্যাটিং অর্ডারে ওপরে ওঠানোর একটা চিন্তাভাবনা হলেও পরে বাদ দেওয়া হয়েছে। তরুণ টপ অর্ডারের ওপরই ভরসা রাখছেন স্যামি। গত কিছুদিনে উন্নতির ছাপ রাখা দলের অধিনায়কের ধারণা, দল আছে ঠিক পথেই, ‘ভারত-অস্ট্রেলিয়ার বিপক্ষে আমরা দারুণ প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলেছি। সব টেস্ট আমরা পাঁচ দিনে নিতে পেরেছি, কোনো কোনোটি শেষ মুহূর্ত পর্যন্ত। এখনই আমরা সব জিততে শুরু করব না, তবে একটু একটু করে এগিয়ে যাচ্ছি।’পেস ব্যাটারি আর চন্দরপল কি পারবেন আরেক ধাপ এগিয়ে ওয়েস্ট ইন্ডিজকে জয়ের ধারায় এনে তুলতে? রয়টার্স, ওয়েবসাইট।