উইন্ডিজকে ২৯৩ রানের চ্যালেঞ্জ বাংলাদেশের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইনিংসের শুরুর দিকের ঘটনাপ্রবাহ ছিল বাংলাদেশের বিপক্ষে। স্কোরবোর্ডে বলার মতো কোনো রান যোগ না করেই তামিম ইকবালের বিদায়; রবি রামপলের শর্ট বলে জর্জরিত হয়ে নাঈম ইসলামের ক্যাচ তুলে দেওয়া—কোনো কিছুই বাংলাদেশের পক্ষে কথা বলছিল না। কিন্তু সাড়ে তিন ঘণ্টা সময় যেতে না যেতেই পুরো পরিস্থিতি বাংলাদেশের পক্ষে। এনামুল হকের দুর্দান্ত শতক, মুশফিকুর রহিমের ফিফটি ও মমিনুল, মাশরাফির ঝোড়ো ব্যাটিংয়ের ওপর ভর করে বাংলাদেশ নির্ধারিত ৫০ ওভারে তুলেছে ২৯২ রান।ক্যারিয়ারের দ্বিতীয় ম্যাচে খেলতে নেমেই এনামুল হক চিনিয়ে দিলেন তাঁর জাত। প্রথম ম্যাচে ধৈর্যচ্যুতি হওয়ায় যে ফিফটিটি পাননি। দ্বিতীয় ম্যাচে উইকেটে পড়ে থেকে, দায়িত্বশীল ব্যাটিং করে তিনিই তুলে নিলেন ক্যারিয়ারের প্রথম শতকটি। শতকের মাইলস্টোনের সামনে এসে কিছুটা স্নায়ুক্ষয় করলেও শতক পূর্ণ করে রবি রামপলের এক ওভারে তাঁর ২০ রান তুলে নিয়ে খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে উপস্থিত দর্শকদের আনন্দে মাতান এনামুল। বাংলাদেশের ইনিংসে ক্যারিবীয় বোলারদের ওপর বাংলাদেশের ব্যাটিং আধিপত্যের এক ছোট্ট বিজ্ঞাপন হতে পারে রবি রামপলের ওই ওভারটি। এনামুল ১৪৫ বল খেলে ১৩টি চার ও দুটি ছয়ের সাহায্যে ১২০ রান করেন। রামপলকে ফাইন লেগের ওপর দিয়ে তুলে মারতে গিয়ে সুনীল নারাইনের হাতে ধরা পড়েন তিনি।এর আগে এনামুল হক অধিনায়ক মুশফিকুর রহিমের সঙ্গে গড়ে তোলেন ১৭৪ রানের এক দারুণ ইনিংস। ২১ রানে ২ উইকেট হারানো বাংলাদেশের ব্যাটিংয়ের ‘লাইফলাইন’ ছিল এই জুটিটি। এনামুল ও মুশফিকুরের এই জুটিটি তৃতীয় উইকেটে বাংলাদেশের সেরা। অল্পতেই তামিম ও নাঈমকে হারিয়ে ধুঁকতে থাকা বাংলাদেশ এই জুটির ওপর ভর করেই এগিয়ে যেতে থাকে ক্যারিবীয়দের চ্যালেঞ্জ জানানোর লক্ষ্যে। তাদের গড়ে দেওয়া ভিত্তির ওপর দাঁড়িয়েই পরবর্তী সময়ে মমিনুল ও মাশরাফি ঝড়ের গতিতে ব্যাট চালিয়ে দলের সংগ্রহকে নিয়ে যান অন্য উচ্চতায়।মুশফিকের দুর্ভাগ্য বলতে হবে যে তিনি সেঞ্চুরি পাননি। অনেকদিন পর মুশফিকুর রহিম তাঁর ওপর অর্পিত অধিনায়কত্বের চাপ দূরে সরিয়ে রেখে একটি ভালো ইনিংস খেললেন। ব্যক্তিগত ৭৯ রানে মুশফিকুর রহিম রবি রামপলের বলে লিন্ডল সিমন্সের হাতে ধরা পড়েন মিড উইকেটে।মুশফিকুর রহিমের বিদায়ের পর নাসির হোসেনের ওপর দায়িত্ব ছিল গড়ে তোলা ভিতের ওপর দাঁড়িয়ে দলকে এগিয়ে নিয়ে যাওয়া। কিন্তু তিনিও নাঈম ইসলামের মতো রবি রামপলের শর্ট বলের শিকার। নাসির আউট হয়ে গেলে গত ম্যাচে অভিষিক্ত মমিনুল হক এনামুল হকের সঙ্গে জুটি বাঁধেন। মমিনুল আজ প্রমাণ করেছেন চেহারায় যতটাই বালকসুলভ হোন না তিনি, ব্যাট হাতে তিনি ততটাই পরিণত। মমিনুল এমন একটা সময় ব্যাট করতে নেমেছিলেন, যখন হঠাত্ করেই মুশফিকুর রহিম ও নাসির হোসেনকে হারিয়ে কিছুটা চাপের মুখে বাংলাদেশের ব্যাটিং লাইন আপ। সেঞ্চুরির সামনে দাঁড়িয়ে, নার্ভাস নাইন্টিজে এনামুল হকও খেলতে পারছেন না নিজের স্বাভাবিক খেলা। ওই সময় ওয়ানডে ক্রিকেটে প্রথমবারের মতো ব্যাট হাতে মাঠে নামা মমিনুল খেলে যান নিজের স্বাভাবিক খেলা। ২৯ বলে ২টি চার ও একটি ছয়ে ৩১ রানের ছোট অথচ কার্যকর ইনিংসটি খেলে মমিনুল বিদায় নেন সেই রবি রামপলের বলে পোলার্ডের হাতে ধরা পড়ে।মমিনুলের পর অনেক দিন পর আজ ব্যাট হাতে জ্বলে উঠলেন মাশরাফি। মাত্র ৬ বল খেলে ১৮ রানে অপরাজিত থাকেন তিনি। মারলন স্যামুয়েলসের শেষ ওভার থেকে তিনি তুলে নেন ১৩টি রান। সব মিলিয়ে খুলনায় আজ ব্যাট হাতে দুর্দান্ত এক দিন কাটাল বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের পক্ষে আজ সবচেয়ে সফল বোলার রবি রামপল। তিনি ১০ ওভারে ৪৯ রান দিয়ে তুলে নিয়েছেন পাঁচটি উইকেট। বাকি উইকেটটি নেন আন্দ্রে রাসেল। সুনীল নারাইন, ড্যারেন স্যামি, ডোয়াইন স্মিথ ও মারলন স্যামুয়েলস বল করলেও তাদের ওপর বাংলাদেশের ব্যাটসম্যানরা ছিলেন দারুণ খড়্গহস্ত।