উইন্ডিজকেই জবাব দিলেন গেইল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের প্রস্তাবিত কেন্দ্রীয় চুক্তি প্রত্যাখ্যান করেছেন তিনি। সাবেকেরা তীব্র সমালোচনা করে বলেছেন, এ বাঁহাতির ওয়েস্ট ইন্ডিজের প্রতি ‘কমিটমেন্ট’ নেই। কোথায় আজ সেই সমালোচকেরা! সেই ‘কমিটমেন্ট-হীন’ ক্রিস গেইলের প্রবল প্রতাপে অন্তত একটা দিনের জন্য হলেও গলে ফিরে এল সেই ওয়েস্ট ইন্ডিজ।২৪৭ বলে আক্ষরিক অর্থেই তাণ্ডব চালিয়ে ২১৯ রান করলেন সাবেক ক্যারিবীয় অধিনায়ক গেইল। সঙ্গে দুই তরুণ আদ্রিয়ান বারাথ ও ড্যারেন ব্রাভোর উপযুক্ত সঙ্গতে ৯০ ওভারে ২ উইকেটে ৩৬২ রান তুলে ফেলল ওয়েস্ট ইন্ডিজ। ওয়েস্ট ইন্ডিজের স্কোর কোথায় গিয়ে থামবে, তার চেয়েও শ্রীলঙ্কানদের জন্য বড় দুশ্চিন্তা নিশ্চয়ই, গেইলের তাণ্ডব ‘কবে’ থামবে?ক্যারিয়ারের তৃতীয় টেস্ট খেলতে নামা বারাথকে নিয়ে ১১০ রানের উদ্বোধনী জুটি গড়েছিলেন গেইল। এই জুটিতে যুগপৎ কলঙ্কমোচন ও রেকর্ড হলো। এর আগের দুটি শ্রীলঙ্কা সফরে ১০ ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের উদ্বোধনী জুটির মোট সংগ্রহ ছিল ৬০ রান! কাল এ কলঙ্ককে অনেক পেছনে ফেলে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথমবারের মতো উদ্বোধনী জুটিতে শতরান করল ওয়েস্ট ইন্ডিজ।মুরালিধরন-মালিঙ্গাহীন অসহায়-ক্লান্ত শ্রীলঙ্কান বোলারদের মধ্যে প্রথম সাফল্যের দেখা পেলেন রণদিভ। এই অফ স্পিনারের বলে মাহেলা জয়াবর্ধনেকে ক্যাচ দিয়ে ফিরলেন বারাথ। তাতে কী! আবার শতরানের জুটি—এবার ‘নতুন লারা’ ড্যারেন ব্রাভোকে নিয়ে দ্বিতীয় উইকেটে ১৯৬ রান যোগ করলেন গেইল। জুটিতে গেইলের একার রানই ১৩২! তাণ্ডবটা বুঝতে পারছেন?১৫৯ বলে ৫৮ রান করে অজন্তা মেন্ডিসের বলে সামারাবীরাকে ক্যাচ দিয়ে ব্রাভো ফেরার পরও চলেছে গেইলের তাণ্ডব। শেষ বিকেলে চন্দরপলের সঙ্গে অসমাপ্ত তৃতীয় উইকেটে যোগ করেছেন আরও ৫৮ রান।অপরাজিত ২১৯ রানের এই ইনিংস খেলার পথে ২৬টি চারের সঙ্গে ৮টি ছক্কা মেরেছেন গেইল; শ্রীলঙ্কার বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের হয়ে এক ইনিংসে সর্বোচ্চ ছক্কা। এই রেকর্ড দিয়েও গেইল-প্রতাপটা ঠিক বোঝানো যাচ্ছে না।গেইলের প্রতাপ সারা দিনই চলেছে, তবে ব্যাট বেশি ধারালো হয়ে উঠেছিল দ্বিতীয় সেশনে। মেন্ডিস ও রণদিভের টানা ৭টি বলে ৩টি ছক্কাসহ ২৫ রান তুলে এক লাফে ৭৬ থেকে ১০১ রানে পৌঁছে যান এই বাঁহাতি ওপেনার। তার পরই অভিনব সেই উদ্যাপন—হেলমেট খুলে দুই হাত প্রসারিত করে চিৎ হয়ে শুয়ে পড়লেন উইকেটে।লং অন দিয়ে একের পর এক ছক্কা, পুল করে বোলারের মাথা খারাপ করে দেওয়া এর পরও চলেছে। তবে ২২১ বলে ২০০ রানে পৌঁছে উদ্যাপনটা অনেক শান্তভাবেই করলেন গেইল। শেষ বিকেলটা তুলনামূলক শান্তই ছিলেন।ঝড়ের আগে বাতাস একটু শান্তই হয়ে যায়! ওয়েবসাইট।