উইন্ডিজের অবিশ্বাস্য জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইংল্যান্ডে তাঁর আসারই কথা ছিল না। অফ স্পিনার অ্যাশলি নার্স ফিটনেস টেস্টে উতরাতে না পারায় শেষ মুহূর্তে দলে জায়গা পান। সেই গ্যারে মাথুরিন অভিষেকেই স্মরণীয় এক জয় এনে দিলেন ওয়েস্ট ইন্ডিজকে। বাঁহাতি স্পিনে ৪ ওভারে ৯ রান দিয়ে তুলে নিয়েছেন ইংল্যান্ডের মূল ৩ ব্যাটসম্যানকে। পরে লং অফে নিয়েছেন দারুণ এক ক্যাচ। ক্যারিবিয়ানদের ফিল্ডিংই হয়েছে দুর্দান্ত, ইংল্যান্ডের ৪ ব্যাটসম্যান রানআউট!হোক না টি-টোয়েন্টি, প্রায় অপ্রতিরোধ্য ইংল্যান্ডকে যেকোনো ধরনের ক্রিকেটে হারানোই এই সময়ের একটা অর্জন। তা-ও যদি হয় এমন দ্বিতীয় সারির এক দল নিয়ে! ওয়েস্ট ইন্ডিজের এই জয় বাংলাদেশের প্রতি একটা বার্তাও। আর কদিন পরেই বাংলাদেশ সফরে আসছে ওয়েস্ট ইন্ডিজ। তাদের বিপক্ষে টি-টোয়েন্টি, ওয়ানডে সিরিজে জয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ। মাথুরিনসহ পরশু ইংল্যান্ডকে হারানো একাদশের সাতজন কিন্তু বাংলাদেশ সফরের দলেই নেই!২৫ রানের ‘বড়’ পরাজয়ে ইংল্যান্ডের অসাধারণ এক গ্রীষ্মের শেষটাও হলো অস্বস্তিকর। অথচ প্রথম ইনিংস শেষে মনে হচ্ছিল আরেকটি লজ্জাজনক পরাজয় অপেক্ষা করছে ক্যারিবিয়ানদের জন্য। শুক্রবার ১২৫ করে ১০ উইকেটে হারা ড্যারেন স্যামির দল পরশু ২০ ওভার খেলেও করতে পারে ১১৩ রান। নিয়ন্ত্রিত বোলিং ও উজ্জীবিত ফিল্ডিংয়ে হতভম্ব ইংলিশরা গুটিয়ে যায় ৮৮ রানেই। বেন স্টোকস (২৩ বলে ৩১) ছাড়া বলার মতো রান পাননি আর কেউ। ৪০ ম্যাচে এই প্রথম এক শর নিচে গুটিয়ে গেল টি-টোয়েন্টির ‘জনকেরা’।স্টুয়ার্ট ব্রডের অনুপস্থিতিতে নেতৃত্ব দেওয়া গ্রায়েম সোয়ান কোনো অজুহাত দেখাননি পরাজয়ের, ‘১১৩ তাড়া করতে না-পারা কোনোভাবেই মেনে নেওয়া যায় না এবং এমনটা আমরা আর কখনো হতে দেব না। আশা করি, দলের সবাই সৎ থাকবে, নিজেদের আউটগুলোর দিকে তাকিয়ে বলবে “আমি এই ভুল করেছি, যা আর করা যাবে না।” ১১৩ তাড়া করতে পারে না, এমন কোনো ইংল্যান্ড দলে আমি আর খেলতে চাই না।’ড্যারেন স্যামির ছেলেবেলার বন্ধু মাথুরিন। ম্যাচসেরার প্রতিক্রিয়া থেকে বোঝা যায়, অধিনায়ক-বন্ধুর মতো তিনিও বেশ আমুদে চরিত্র, ‘ঈশ্বরের কাজ বড় রহস্যময়। সুযোগ সবার জীবনেই আসে, আমার এসেছে এই ২৮ বছর বয়সে। ইংলিশরা আগে কখনো আমাকে দেখেনি, তাই জানতাম আমি ভালো করব।’সংক্ষিপ্ত স্কোরওয়েস্ট ইন্ডিজ: ১১৩/৫ (স্যামুয়েলস ৩৫*, চার্লস ২১, বার্নওয়েল ১৬; প্যাটেল ২/২২, বর্থউইক ১/১৫, ডার্নব্যাক ১/১৯, বোপারা ১/৩৬)। ইংল্যান্ড: ১৬.৪ ওভারে ৮৮ (স্টোকস ৩১, বর্থউইক ১৪, বাটলার ১৩; মাথুরিন ৩/৯, রাসেল ১/১৪, সান্টোকি ১/১৭, বিশু ১/২২)।