উইন্ডিজের আদর্শ প্রস্তুতি
দর্শক গ্যালারির গর্জন শুনে মনে হচ্ছিল বিসিবি একাদশ বুঝি ম্যাচই জিতে গেছে! আসলে তখন আউট হলেন ফরহাদ রেজা। ওভারপ্রতি প্রয়োজন প্রায় ১৫ রান, ওই অবস্থায় নেমে করেছেন ২১ বলে ৩! ফরহাদ ঝোড়ো ব্যাটিং করলেই বিসিবি একাদশ ম্যাচ জিতে যেত না। কিন্তু জয়ের তাড়না বা চেষ্টাটা তো অন্তত বোঝা যেত! দর্শকের অমন প্রতিক্রিয়া চরম বিরক্তি থেকেই।ফরহাদের ব্যাটিং একটা উদাহরণ মাত্র। আসলে যা গোটা দলেরই ব্যাটিংয়ের প্রতীক। ওয়েস্ট ইন্ডিজের ৩৬১ রান তাড়া করে বিসিবি একাদশ জিতে যাবে, এমন ভাবনা নিশ্চয়ই কারও ছিল না। প্রস্তুতি ম্যাচে জয়-পরাজয়টা খুব গুরুত্বপূর্ণও নয়। কিন্তু রান তাড়ার ইচ্ছাটা দেখানো, পাল্টা-আক্রমণে ওয়েস্ট ইন্ডিজকে একটু ভড়কে দেওয়ার চেষ্টাটা তো থাকবে! সেটার ছিটেফোঁটাও দেখা গেল না জহুরুল ইসলামের দলের মধ্যে।উল্টো দিকে ওয়েস্ট ইন্ডিজের প্রস্তুতিটা হলো দারুণ। টস জিতে ব্যাট করার সুযোগ মিলল। ওয়ানডে স্পেশালিস্ট হয়ে উড়ে আসা সবাই পারফর্ম করলেন। রান পেলেন লেন্ডল সিমন্স, ডোয়াইন স্মিথ। ব্যাটে ঝড় তুললেন ডেভন টমাস ও কাইরন পোলার্ড। হাতে সাদা বল পেয়েই নিজেকে চেনানোর ইঙ্গিত দিলেন সুনীল নারাইন। আর গতি ও বাউন্সে ব্যাটসম্যানদের অস্বস্তিতে ফেলার পাশাপাশি দুটি উইকেটও পেলেন কেমার রোচ। গেইল-স্যামুয়েলসদের ছাড়াই দল ৩৬১ রান তুলতে পারে, বাড়তি পাওনা হলো এই আত্মবিশ্বাসটাও। ড্যারেন স্যামি না খেলায় ওয়ানডে সিরিজে তাঁর নতুন ডেপুটি পোলার্ডের নেতৃত্বগুণ পরখ করে দেখার সুযোগ হলো। বৃত্তের বাইরে মাত্র চার ফিল্ডার রাখতে পারার নিয়ম স্পিননির্ভর বাংলাদেশের বিপক্ষে কেমন রানের বন্যা বইয়ে দিতে পারে, মাঝখানের ওভারগুলোতে সেটিরও একটা পোশাকি মহড়া দিয়ে নিল ওয়েস্ট ইন্ডিজ। সব মিলিয়ে এর চেয়ে আদর্শ প্রস্তুতি যেন হয় না!পোলার্ডের কণ্ঠেও সেই প্রতিধ্বনি, ‘আমরা যা যা চেয়েছিলাম, আমার মনে হয় প্রায় সবকিছুই পুরোপুরিভাবে পেয়েছি এই ম্যাচ থেকে। ওয়ানডে দলে যারা এসেছে, সবাই রান পেয়েছে। সাদা বলে বোলাররাও ভালো করেছে। আশা করি, এ ধারাটা আমরা ওয়ানডে সিরিজেও ধরে রাখতে পারব।’পাওয়েল (২৪ বলে ৩৪) ও সিমন্সের উদ্বোধনী জুটিতে ৯ ওভারে এসেছে ৬৮। শুরুতে একটু সময় নিয়েছেন সিমন্স, ১৩ বলে রান ছিল ১। ফরহাদ রেজার বলে ২০ রানে মিড অনে আসিফের হাতে জীবন পাওয়ার পর যেন উন্মত্ত হলো তাঁর ব্যাট। ১২ চার ও ২ ছয়ে ৮১ বলে ৮৪ করে শেষ পর্যন্ত বোল্ড হয়েছেন লেগ স্পিনার মার্শালকে স্লগ সুইপ করতে গিয়ে। ওয়েস্ট ইন্ডিজ ইনিংসে ফিফটি আর একটিই, উইকেটকিপার-ব্যাটসম্যান ডেভন টমাসের (৪৩ বলে ৬১*)। তবে ব্যাটিংয়ে নামা প্রায় সবাই মোটামুটি রান পেয়েছেন বলেই মাত্র দুটি হাফ সেঞ্চুরির ইনিংসই এত বড়। পোলার্ড নিজের মতো খেলেই ২৮ বলে ৪৪। চার ফিল্ডার বাইরে রাখায় বল ফেলার জায়গা খুঁজে পেতেই যেন দিশেহারা মনে হয়েছে সানি-এনামুল জুনিয়রদের। ফিল্ডিং সাজাতে অধিনায়ক জহুরুলকে মনে হয়েছে অসহায়!বিসিবি একাদশের উদ্বোধনী জুটিতেও রান এসেছে। তবে ৬৩ রানের জুটি গড়তেই ইমরুল-এনামুল লাগিয়ে ফেলেন প্রায় ১৫ ওভার! ইমরুল আবারও থিতু হওয়ার পর ফিরে গেছেন। আগের দিনের মতো আবারও ভীষণ নড়বড়ে মনে হয়েছে এনামুল হককে। আগের দিন ২৮ বলে ৯ করার পর কাল ৪২ বলে ২২। ওয়ানডে সিরিজে ওপেনিংয়ে তামিম ইকবালের সম্ভাব্য সঙ্গীকে নিয়ে তবু চিন্তিত নন প্রধান নির্বাচক আকরাম খান, ‘একটা-দুটি ম্যাচ সব ব্যাটসম্যানেরই খারাপ যেতে পারে। বিজয় (এনামুল) ঘরোয়া লিগে অনেক সেঞ্চুরি করেছে, অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে দুটি সেঞ্চুরি করেছে। ওর ওপর আস্থা আছে বলেই নেওয়া হয়েছে।’সাকিবের বদলি হিসেবে ওয়ানডে দলে ডাক পাওয়া মমিনুলের ব্যাটিং যথারীতি চোখে প্রশান্তি বুলিয়েছে, তবে ইনিংসটাকে বড় করতে না পারার দায় নিতে হচ্ছে তাঁকেও। গত পরশু প্রথম প্রস্তুতি ম্যাচে বিসিবি একাদশের বিপক্ষে বাংলাদেশ দলের পরাজয় এবং কাল খণ্ডিত শক্তির ওয়েস্ট ইন্ডিজেরও রুদ্রমূর্তি কী বার্তা দিচ্ছে? বার্তা একটাই—ওয়ানডে সিরিজটা হবে বড় কঠিন!সংক্ষিপ্ত স্কোরওয়েস্ট ইন্ডিজ: ৫০ ওভারে ৩৬১/৭ (সিমন্স ৮৪, টমাস ৬১*, পোলার্ড ৪৪, পাওয়েল ৩৪, ব্রাভো ৩১, স্মিথ ৩০, পেরমল ২৭, নারাইন ২১*, রাসেল ১৮; সানি ৩/৭১, মার্শাল ২/৬৩, ফরহাদ ২/৬৮)। বিসিবি একাদশ: ৪৯.১ ওভারে ২৪৩ (ইমরুল ৪৩, মমিনুল ৪৩, সানি ৩৭*, মার্শাল ৩০, এনামুল ২২; নারাইন ৩/৩৭, রোচ ২/৪০, পেরমল ২/৫২, পোলার্ড ১/১২, রামপল ১/২৮, রাসেল ১/৩৬)। ফল: ওয়েস্ট ইন্ডিজ ১১৮ রানে জয়ী।