টাই ম্যাচ মানেই নাটকীয়তা। ম্যাচের ভেতরেও অনেক গল্প। টাই মানেই ‘কেউ কারে নাহি ছাড়ে সমানে সমান।’ তবে কখনো কখনো টাই ম্যাচও নিয়ে আসে জয়-পরাজয়ের অনুভূতি। থাকে পেয়েও হারিয়ে ফেলার আক্ষেপ আর অপ্রত্যাশিত প্রাপ্তির আনন্দ। পরশু সেন্ট লুসিয়ায় যেমন হলো। ম্যাচের ফলটি রেকর্ড বইয়ে টাই হিসেবেই থাকবে। তবে এ ম্যাচে আসলে জিতেছে ওয়েস্ট ইন্ডিজ, হেরেছে পাকিস্তান!ম্যাচ শেষের টুকরো টুকরো ছবিগুলোই বলে দিচ্ছিল সবকিছু। ড্রেসিংরুমে মাথায় হাত দিয়ে বসে পড়লেন ডেভ হোয়াটমোর, রাগে ফুঁসতে ফুঁসতে কী যেন স্বগতোক্তি করছিলেন। পুরো সময় বিমর্ষ বসে থাকা ওটিস গিবসনের মুখে হাজার ভোল্টের হাসি। ডোয়াইন ব্রাভো ও ড্যারেন স্যামি গলাগলি ধরে হাসতে হাসতেই বাঁচেন না, মাঠে ছুটে গেলেন নারাইন-চার্লসরা। মাঠে পাকিস্তানিরা যেন মাথায় বাজ পড়া একেকজন মানুষ!১০০ ওভারের ম্যাচে ৯৭ ওভার যখন শেষ হলো, ওটা পাকিস্তানের পকেটে। জয়ের জন্য ওয়েস্ট ইন্ডিজের চাই ৩ ওভারে ৩৯, উইকেটে ৯ আর ১০ নম্বর ব্যাটসম্যান। ৪৮তম ওভার করতে এলেন সাঈদ আজমল, যাঁর আগের ৯ ওভারে রান এসেছিল মাত্র ২১, বাউন্ডারি হজম করেননি একটিও। এবার প্রথম বলেই আজমলকে লং অফ গ্যালারিতে পাঠালেন নারাইন। পরের তিন বলে আরও দুটি চার। সময়ের সেরা দুই ওয়ানডে স্পিনারের ব্যাটে-বলের লড়াইয়ে শেষ পর্যন্ত জিতলেন আজমল, পঞ্চম বলে বোল্ড নারাইন (৫ বলে ১৪)। ম্যাচ তখনো পাকিস্তানের হাতে। শেষ জুটিকে শেষ ২ ওভারে তুলতে হবে ২৪। জুনাইদ খানের করা ৪৯তম ওভার থেকে রোচ-হোল্ডার নিতে পারলেন ৯।শেষ ওভারে প্রয়োজন ১৫, বোলার ওয়াহাব রিয়াজ। প্রথম দুই বলে দুটি সিঙ্গেল, তৃতীয় বলে হোল্ডারের দারুণ এক কাভার ড্রাইভে বাউন্ডারি। চতুর্থ বলে রান নেই, ২ বলে চাই ৯। পঞ্চম বল অফ স্টাম্পের বাইরে লেংথ বল, জায়গা বানিয়ে হোল্ডার মারলেন এক্সট্রা কাভার দিয়ে ছয়! শেষ বল হোল্ডারের ব্যাটের কানায় লেগে বল থার্ডম্যানে। একটা রান হলো অনায়াসেই। জুনাইদের থ্রো যখন ফিরে এল, দুই রানের জন্য দৌড়াতে থাকা হোল্ডার তখন ক্রিজ থেকে অনেকটা দূরে। তখন বেল ভাঙতে পারলেও ১ রানে জিতে যায় পাকিস্তান, কিন্তু বল গ্লাভসেই জমাতে পারলেন না উইকেটকিপার উমর আকমল। টাই করেও জয়ের আনন্দে লাফাল ক্যারিবিয়ানরা। হোল্ডার ৯ বলে অপরাজিত ১৯!অথচ শেষের দুই খলনায়ক আকমল-ওয়াহাব ছিলেন পাকিস্তান ইনিংসের শেষটার নায়ক। দুজনের ২৬ বলে ৫২ রানের অবিচ্ছিন্ন জুটিতেই পাকিস্তান পায় লড়ার মতো রান। টপ-অর্ডার ব্যর্থ আরেকবার, মিডল-অর্ডারে মিসবাহ-উল-হকের ব্যাট থেকে যথারীতি এসেছে ধৈর্যশীল ফিফটি (১১২ বলে ৭৫)। অভিষিক্ত হারিস সোহেল সম্ভাবনার ঝিলিক দেখিয়েও খেলতে পারেননি বড় ইনিংস (৩৭ বলে ২৬)। শেষ পর্যন্ত আকমলের ৩১ বলে ৪০ ও ওয়াহাবের ১০ বলে ১৯ রানে পাকিস্তান তুলতে পারে ২২৯।ব্যাটিংয়ে নেমে গেইল ব্যর্থ আরেকবার, ব্যর্থ ক্যারিবিয়ান টপ-অর্ডার। এক পাশ আগলে রেখেও স্যামুয়েলস যেন ছিলেন ঘুমিয়ে (১০৬ বলে ৪৬)। লেন্ডল সিমন্স নামার পরই খানিকটা গতি পায় ইনিংস। মন্থর উইকেটে সিমন্সের ৮৬ বলে ৭৫ রানের সপ্রভিত ইনিংসটা শেষ হয়েছে শেহজাদের দুর্দান্ত এক ক্যাচে। মঞ্চ প্রস্তুত থাকলেও আলো ছড়াতে পারেননি ব্রাভো-পোলার্ডরা। কে ভাবতে পেরেছিল, সেখানে ব্যাট হাতে আলো ছড়াবেন নারাইন-হোল্ডাররা!পাকিস্তান ইনিংসের শেষ দিকে ভুল করে আকমলকে একটি রান ‘শর্ট’ দিয়েছিলেন ক্যারিবিয়ান আম্পায়ার জোয়েল উইলসন। শেষ পর্যন্ত ক্যারিবিয়ানদের জন্য আশীর্বাদ হয়ে এসেছে আম্পায়ারের ওই ভুলটাও। তবে ভাগ্য তো সাহসীদের পক্ষেই থাকে! ম্যাচ শেষে মিসবাহ-উল-হকও বললেন, ‘হ্যাটস অফ টু দেম।’ তথ্যসূত্র: টেন ক্রিকেট।সংক্ষিপ্ত স্কোরপাকিস্তান: ৫০ ওভারে ২২৯/৬ (শেহজাদ ১৭, জামশেদ ২০, হাফিজ ১৪, মিসবাহ ৭৫, সোহেল ২৬, আকমল ৪০*, আফ্রিদি ১, ওয়াহাব ১৯*; হোল্ডার ২/৪০, ব্রাভো ২/৫০, স্যামি ১/৩০, রোচ ১/৩৫)। ওয়েস্ট ইন্ডিজ: ৫০ ওভারে ২২৯/৯ (গেইল ৮, চার্লস ৬, ড্যারেন ব্রাভো ১৭, স্যামুয়েলস ৪৬, সিমন্স ৭৫, ডোয়াইন ব্রাভো ১৩, পোলার্ড ০, স্যামি ১০, রোচ ৬*, নারাইন ১৪, হোল্ডার ১৯*; আজমল ৩/৩৬, জুনাইদ ৩/৫৪, ইরফান ২/৩৪, ওয়াহাব ১/৬৩)। ফল: ম্যাচ টাই (৫ ম্যাচ সিরিজে ১-১ সমতা)। ম্যান অব দ্য ম্যাচ: মিসবাহ-উল-হক ও লেন্ডল সিমন্স।টাই নিয়ে কথকতাএটি ওয়ানডে ইতিহাসের ৩১তম টাই। প্রথম টাই ম্যাচেও ছিল ওয়েস্ট ইন্ডিজ, প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, ১৯৮৪ সালে মেলবোর্নেসবচেয়ে বেশি, ৯ বার টাই করেছে অস্ট্রেলিয়া। পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ করেছে ৮ বার করে, ৭ বার ইংল্যান্ডপাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ টাই হয়েছে সবচেয়ে বেশি, এই নিয়ে ৩ বার। ৩ বার করে টাই হয়েছে অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া-ওয়েস্ট ইন্ডিজ লড়াইও।সবচেয়ে বেশি, ৬ বার টাই ম্যাচে খেলেছেন ওয়াসিম আকরাম, আমির সোহেল ও ইনজামাম-উল-হকটাই ম্যাচে সবচেয়ে বেশি রান স্টিভ ওয়াহর (৫ ম্যাচে ২২৭), সর্বোচ্চ উইকেট ওয়াসিম আকরামের (৬ ম্যাচে ৯)টেস্ট খেলুড়ে দেশগুলোর মধ্যে শুধু বাংলাদেশই কখনো টাই করেনি।