হঠাৎ দেখলে বিভ্রান্তিতে না পড়ে উপায় নেই। উইন্ডসর পার্কে ‘ল্যাপ অব অনার’ দিচ্ছে ওয়েস্ট ইন্ডিজ দল। দর্শকও তুমুল চিৎকার আর হাততালিতে অভিনন্দন জানাচ্ছে। ওয়েস্ট ইন্ডিজ কি তবে টেস্ট জিতেই গেল!না, জেতেনি। বরং আরেকটু সাহসী হলে ভারত জিততে পারত কি না, এ নিয়ে চলছে বিতর্ক। ভারত আরেকটু চেষ্টা না করায় বিস্মিত ড্যারেন স্যামিও। কিন্তু উইন্ডিজ অধিনায়ক দারুণ গর্বিত নিজের দলের পারফরম্যান্স নিয়ে। ব্যাখ্যাও দিলেন, ‘আপনারা দেখেছেন দর্শক ব্যাপারটা খুব ভালোভাবে বুঝতে পেরেছে। এই ড্রটাকে জয়ের মতোই উদ্যাপন করেছে, কারণ আমরা দারুণ লড়াই করেছি।’৪ উইকেট হাতে নিয়ে ও ৮১ রান এগিয়ে থেকে গত পরশু পঞ্চম দিন শুরু করেছিল ওয়েস্ট ইন্ডিজ। স্যামি ও রামপল আউট হয়ে যাওয়ার পর ভারত জয় দেখতে শুরু করেছিল। ১১৩ রানের লিড ওয়েস্ট ইন্ডিজের, কিন্তু হাতে মাত্র ২ উইকেট, খেলা বাকি ৮৮ ওভার। কিন্তু চিরলড়াকু শিবনারায়ণ চন্দরপল সঙ্গী হিসেবে পেয়ে যান ফিদেল এডওয়ার্ডসকে। ৩৭ ওভার উইকেটে কাটিয়ে দেন দুজন। ওয়েস্ট ইন্ডিজের হয়ে নবম উইকেটে এই দুজনের ৬৫ রানের চেয়ে বড় জুটি আছে আরও ১৬টি। কিন্তু বল সবচেয়ে বেশি (২২২) খেলেছে এই জুটিই। চন্দরপল শেষ পর্যন্ত ১১৬ রানে অপরাজিত ছিলেন, ক্যারিয়ার-সেরা ৩০ রান করে আউট হয়েছেন এডওয়ার্ডস।শেষ দিনে ৪৭ ওভারে ১৮০ রানের লক্ষ্যটা দুরূহ হলেও একেবারে অসম্ভব বলা যাবে না। তবে সেটিকে খুব কঠিন করে তোলেন এডওয়ার্ডস প্রথম বলেই মুকুন্দকে তুলে নিয়ে। দ্বিতীয় উইকেটে ৭৩ রানের জুটি গড়েছিলেন বিজয় (৪৫) ও দ্রাবিড় (৩৪*)। রানের গতি বাড়াতে গিয়েই আউট হন বিজয়। চার নম্বরে রায়নাকে পাঠানো হয়েছিল এ কারণেই। রায়না ১৮ বলে ৮ করে ফিরে যাওয়ার পরই হাল ছেড়ে দেয় ভারত। নির্ধারিত সময়ের এক ঘণ্টা আগে ড্র মেনে নেয় দুই দল। ভারতের রান তখন ৩ উইকেটে ৯৪।৭ উইকেট হাতে নিয়ে ৯০ বলে ৮৬ রান করার চেষ্টা ভারত করতে পারত কি না, এ নিয়ে প্রশ্ন উঠছে। ধোনি কিন্তু অখুশি নন, ‘ড্র মেনে নিয়েছি, কারণ সিরিজ জয়কে ঝুঁকিতে ফেলতে চাইনি। আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি। সেটি সম্ভব নয় বুঝেই ড্র মেনে নিয়েছি।’ সংবাদ সম্মেলনে প্রশ্নের ঝড় সামলাতে হয়েছে ডানকান ফ্লেচারকে। অধিনায়কের প্রতিধ্বনি ছিল নতুন কোচের কণ্ঠেও, ‘এই উইকেটে রান করা কঠিন ছিল। ওভারপ্রতি চাহিদা ৪-৫ রান হয়ে যাওয়ার পর তা আরও কঠিন হয়ে দাঁড়ায়। আমাদের তো তিন রান করে করতেই কষ্ট হচ্ছিল।’ ঘুরিয়ে-ফিরিয়ে তবু একই প্রশ্ন করায় একসময় খানিকটা উত্তেজিতই হয়ে পড়েন ফ্লেচার, ‘বারবার বলছি, রান করা ছিল কঠিন। ৪০ রানে অপরাজিত একজনেরই কষ্ট হচ্ছিল রান করতে, নতুন কেউ গিয়ে কীভাবে ৫-৬ করে তুলবে!’এই সমালোচনাগুলোই অবশ্য বদলে যাওয়া ভারতের জয়গানই গাইছে। খুব বেশি দিন হয়নি, বিদেশের মাটিতে ভারতের সিরিজ জয় ছিল বিশাল কিছু। এখন সিরিজ জয়ের পরও এই সমালোচনা! টেস্ট র্যাঙ্কিংয়ের সাত নম্বর দলের সঙ্গে এত ছোট জয়ের ‘মাশুলও’ দিতে হয়েছে। সিরিজ জিতেও ২ রেটিং পয়েন্ট হারিয়েছে ভারত, শীর্ষ দলের কাছে ১-০-তে হারার ‘কৃতিত্ব’ হিসেবে ২ পয়েন্ট পেয়েছে উইন্ডিজ! ওয়েবসাইট।