উইন্ডিজের পথে অনূর্ধ্ব-১৯
একাডেমি ভবনের সামনে আনুষ্ঠানিক ফটোসেশন অনূর্ধ্ব-১৯ দলের। কিন্তু ফাঁকা পড়ে একটি চেয়ার। ওই চেয়ারে যাঁর বসার কথা, তিনি তখন প্যাড পরে বসে আছেন আবাহনীর ড্রেসিং রুমে। ব্যাটিংয়ে নামার অপেক্ষায়! সারা দিন আবাহনীর হয়ে শেখ জামালের বিপক্ষে খেলে রাতে ওয়েস্ট ইন্ডিজের বিমানে চেপেছেন মোসাদ্দেক হোসেন।
দারুণ খেললেও দলকে ম্যাচ জেতাতে পারেননি, তবে একটা তৃপ্তি নিয়ে যাচ্ছেন মোসাদ্দেক। লক্ষ্য ছিল লিগে যত ম্যাচ খেলবেন, সর্বোচ্চ রান করবেন। কালকের ৪৩ রানে রোশান সিলভাকে (৩১৯) পেছনে ফেলে লিগের সর্বোচ্চ রান তাঁরই (৩২০)। ‘এ’ দলের হয়ে ইংল্যান্ডে একটা সেঞ্চুরি করেছিলেন, দেশের মাটিতে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে ছিল সেঞ্চুরি। জানালেন, ‘যেকোনো ক্রিকেটারের স্বপ্নের জায়গা ওয়েস্ট ইন্ডিজ। ওখানেও অনেক রান করতে চাই।’
সাতটি এক দিনের ম্যাচের সিরিজ খেলতে গত রাতেই ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশে ঢাকা ছেড়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। ইংল্যান্ডের মতো ক্যারিবিয়ানেও দলকে নেতৃত্ব দেবেন মেহেদি হাসান। ইংল্যান্ডের দুঃস্বপ্নকে পেছনে ফেলতে আশাবাদী কোচ রিচার্ড ম্যাকিন্স, ‘ইংল্যান্ডে কন্ডিশন ছিল অনেক প্রতিকূল। প্রতিপক্ষ দুই দলই ছিল শক্তিশালী। ওয়েস্ট ইন্ডিজে উইকেট এখন বাংলাদেশের মতোই। ব্যাটসম্যানদের মানিয়ে নিতে সমস্যা হবে না, আমাদের স্পিনাররাও কার্যকরী হবে।’