পরস্পরের কাঁধে হাত মিলিয়ে গোল হয়ে দাঁড়িয়ে সবাই লাফাচ্ছিলেন উন্মত্ত হয়ে। সিরিজ জিতে যেন বিশ্বজয়ের উৎসব করে ফেলল ওয়েস্ট ইন্ডিজ। বাড়াবাড়ি অবশ্য বলা যাচ্ছে না। এই জয়টা যে ছিল বহু কাঙ্ক্ষিত! চতুর্থ ওয়ানডেতে নিউজিল্যান্ডকে ২৪ রানে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতে নিয়েছে ড্যারেন স্যামির দল। বৃথা গেছে কিউই অধিনায়ক রস টেলরের বীরোচিত সেঞ্চুরি। ২০০৮-এর এপ্রিলের পর এই প্রথম বাংলাদেশ ও জিম্বাবুয়ের বাইরে অন্য কোনো দলের বিপক্ষে সিরিজ জিতল এক সময়ের পরাশক্তিরা। চোট কাটিয়ে সিরিজে প্রথমবার মাঠে নেমেছিলেন টেলর। অষ্টম ওভারে উইকেটে গিয়ে দলের জয়ের আশা জিইয়ে রেখেছিলেন ৪৯ ওভার পর্যন্ত। কিন্তু অধিনায়ককে বলার মতো সঙ্গ দিতে পারেননি কোনো সতীর্থ। রান-বলের সঙ্গে পাল্লা দিতে গিয়ে আউট হয়েছেন ১১৫ বলে ১১০ করে। স্লগ ওভারে টেলর আর বিপজ্জনক ওরামকে ফিরিয়ে শেষ মুহূর্তে নায়ক হয়েছেন ফিরে আসা আরেকজন, টিনো বেস্ট। আগের দুই স্পেলে বেস্ট নিয়েছেন আরও দুই উইকেট। আরও একবার নিয়ন্ত্রিত বোলিংয়ে ম্যাচসেরা যদিও সুনীল নারাইন, ১০ ওভারে মাত্র ২০ রান দিয়ে ২ উইকেট। শেষ ৭ ওভারে যখন কিউইদের প্রয়োজন ৫০, নারাইন ৩ ওভারে দিয়েছেন মাত্র ৮!১০৫ রানে ৫ উইকেট হারানো ক্যারিবিয়ানদের ২৬৪ পর্যন্ত নিয়ে গেছে লোয়ার-মিডল অর্ডার। পরিস্থিতির দাবি মেনে পোলার্ড ৫৬ করেছেন ৭০ বলে। ষষ্ঠ উইকেটে ৮৫ রানের জুটি গড়েছেন বিয়ের কারণে ছুটিতে থাকা রামদিনের বদলি উইকেটকিপার ডেভন টমাসের (৩৭) সঙ্গে। আন্দ্রে রাসেল (১৬ বলে ২৯) ও স্যামির ঝড়ে শেষ ৫ ওভারে উইন্ডিজ তুলেছে ৫২ রান। পঞ্চম ও শেষ ওয়ানডে আজ সেন্ট কিটসেই। ওয়েবসাইট।সংক্ষিপ্ত স্কোরওয়েস্ট ইন্ডিজ: ৪৯.৫ ওভারে ২৬৪ (পোলার্ড ৫৬, স্যামুয়েলস ৪৬, টমাস ৩৭, রাসেল ২৯, স্যামি ২৬, ওরাম ৩/৪২, সাউদি ৩/৫৩); নিউজিল্যান্ড: ৪৯.৩ ওভারে ২৪০ (টেলর ১১০, নিকোল ৩৫, লাথাম ৩২, বেস্ট ৪/৪৬, নারাইন ২/২০)। ফল: ওয়েস্ট ইন্ডিজ ২৪ রানে জয়ী; ম্যান অব দ্য ম্যাচ: সুনীল নারাইন।