উইন্ডিজের ব্যাটিং বিপর্যয়, ভালো অবস্থানে শ্রীলঙ্কা
আলোর স্বল্পতা আর বৃষ্টির বাধায় গল টেস্টের মতো কলম্বো টেস্টও ধীরে ধীরে ড্রয়ের দিকেই এগোচ্ছে। প্রথম দুই দিনের মতো তৃতীয় দিনেও আলোর স্বল্পতার কারণে নির্ধারিত সময়ের আগেই বন্ধ হয়ে গেছে খেলা। তবে তৃতীয় দিন শেষে ওয়েস্ট ইন্ডিজের তুলনায় ভালো অবস্থানে আছে শ্রীলঙ্কা। প্রথম ইনিংসে ৩৮৭ রান করে শ্রীলঙ্কা ইনিংস ঘোষণা করার পর ব্যাট করতে নেমে ১৬৫ রান সংগ্রহ করতেই পাঁচটি উইকেট হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ।তৃতীয় দিনে ব্যক্তিগত ১৩৫ রান নিয়ে ব্যাট করতে নেমে স্কোরটাকে ১৫০-এ নিয়ে গিয়েই ড্যারেন স্যামির শিকারে পরিণত হয়ে ফিরে গেছেন লঙ্কান অধিনায়ক কুমার সাঙ্গাকারা। এরপর তাড়াতাড়ি রান সংগ্রহ করতে গিয়ে খুব বেশি সময় ক্রিজে থাকতে পারেননি জয়াবর্ধনে, কুলাসেকারা ও মেন্ডিস। শেষ পর্যন্ত ৯ উইকেটে ৩৮৭ রান করে প্রথম ইনিংস ঘোষণা করে শ্রীলঙ্কা।জবাবে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে তৃতীয় ওভারেই আদ্রিয়ান ব্যারেথের উইকেট হারায় উইন্ডিজরা। ৩০ বলে ৩০ রান করে সুরাঙ্গা লাকমালের প্রথম টেস্ট উইকেট শিকারে পরিণত হয়ে ফিরে যান ক্রিস গেইল। আরেক অভিজ্ঞ ব্যাটসম্যান চন্দরপলও নিরাশ করেছেন ওয়েস্ট ইন্ডিজ সমর্থকদের। মাত্র ৮ রান করেই মেন্ডিসের বলে এলবিডব্লিউর ফাঁদে পড়েছেন। চতুর্থ উইকেট জুটিতে ৮৩ রান করে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিচ্ছিলেন ব্রেন্ডন ন্যাশ ও ড্যারেন ব্রাভো। কিন্তু দিনের শেষ মুহূর্তে এক ওভারেই ন্যাশ ও ব্রাভোকে ফিরিয়ে দিয়ে ওয়েস্ট ইন্ডিজ শিবিরে বড়সড় আঘাত হানেন অফ স্পিনার তিলকারত্নে দিলশান। দিন শেষে ডেউইন ব্রাভো ১ ও কার্লটন বউগ ৪ রানে অপরাজিত আছেন।—ক্রিকইনফো