ভাইরাস সংক্রমণে একটা বলও করতে পারেননি রবি রামপল। ঊরুতে সমস্যা ফিদেল এডওয়ার্ডসের, ড্যারেন স্যামির কাফ মাসলে। আর কখনো মনে হয় বৃষ্টির জন্য এত আকুল হননি স্যামি। অথচ বৃষ্টিময় সিরিজে পরশুই কিনা প্রথম খেলা হলো পুরো একটা দিন! তবে ভগ্নশক্তির বোলিং আক্রমণ নিয়েও দারুণ লড়াই করল ওয়েস্ট ইন্ডিজ। ৪ উইকেট হাতে নিয়ে ১০৪ রানে এগিয়ে থেকে চতুর্থ দিন শুরু করেছিল ভারত। এডওয়ার্ডস-বিশুরা কাল ১০.২ ওভারেই গুটিয়ে দিলেন ভারতকে। তার পরও অবশ্য ১৪৩ রানের হূষ্টপুষ্ট লিড পেয়েছে ভারত। টানা দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট পেয়েছেন এডওয়ার্ডস।ভঙ্গুর ওয়েস্ট ইন্ডিজ করছে ম্যাচ বাঁচানোর লড়াই। আর এই লড়াইটা তারা করছে অভিষিক্ত কার্ক এডওয়ার্ডস ও অভিজ্ঞ চন্দরপলের ব্যাটে চড়ে।নয়তো দ্বিতীয় ইনিংস শুরু করে মাত্র ৫৪ রানেই ৩ উইকেট হারিয়ে বিপদে পড়ে যায় স্বাগতিকেরা। দুই ওপেনার বারাথ ও অভিষিক্ত কাইরান পাওয়েলকে ১০ রানেই ফিরিয়ে দেন প্রাভিন কুমার ও ইশান্ত শর্মা। ২ উইকেটে ২৬ রান নিয়ে মধ্যাহ্ন বিরতিতে যাওয়া ওয়েস্ট ইন্ডিজ ফিরে এসে হারায় ব্রাভোকে। বোলার প্রথম ইনিংসে ‘৪০০’ উইকেটের মাইলফলক স্পর্শ করা হরভজন।এরপর এডওয়ার্ডস-চন্দরপলের ৭৬ রানের অবিচ্ছিন্ন জুটিতে ওয়েস্ট ইন্ডিজ চা-বিরতি পর্যন্ত ওই ৩ উইকেটেই ১১৬। প্রথম ইনিংসে ৬ রান করা এডওয়ার্ডস অভিষেকেই পেয়েছেন ফিফটি, ব্যাট করছেন ৬২ রানে। সঙ্গী চন্দরপল ২৫ রানে।ভারতের লিডটা বড় হওয়ায় ভূমিকা অধিনায়কেরও। আগের ৪ ইনিংসে ২৩ রান করা ধোনি রানে ফিরলেন দলের প্রয়োজনীয় সময়ে। ৪ রানের মধ্যে কোহলি ও লক্ষ্মণকে হারিয়ে ভারতের রান হয়ে যায় ৫ উইকেটে ১৭২। ষষ্ঠ উইকেটে সুরেশ রায়নাকে নিয়ে ম্যাচের প্রথম সেঞ্চুরি জুটি (১০৩) গড়েন ধোনি। ৫২ রানের মাথায় টেস্টে ৩০০০ রান ছোঁয়া ধোনি করেছেন ৭২। বোলিং-সংকটে স্যামি হাত বাড়ায় অনিয়মিত বোলারদের দিকে। স্বীকৃত কোনো ধরনের ক্রিকেটে কখনোই বোলিং না করা কার্ক এডওয়ার্ডস, ‘বোলার’ চন্দরপলকেও দেখা যায় দীর্ঘদিন পর। কোর্টনি ওয়ালশকে ছাড়িয়ে ওয়েস্ট ইন্ডিজের সর্বোচ্চ টেস্ট খেলা ক্রিকেটার হয়েছেন, ফিল্ডিংয়ে নামার সময় সতীর্থদের কাছ থেকে ‘গার্ড অব অনার’ পেয়েছিলেন। এতে উদ্বুদ্ধ হয়েই যেন পেলেন লক্ষ্মণের উইকেট। এর আগে কার্যকর দুটো জুটি অবশ্য গড়েছেন লক্ষ্মণ। দ্বিতীয় উইকেটে অভিনব মুকুন্দের সঙ্গে ৯৮, তৃতীয় বিরাট কোহলির সঙ্গে ৫২। মুকুন্দ পেয়েছেন প্রথম টেস্ট ফিফটি। ওয়েবসাইট।