উইন্ডিজের শঙ্কা ও স্বস্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুঃস্বপ্নের চট্টগ্রাম-অধ্যায় শেষে ঢাকায় ফিরে যেন হাঁফ ছেড়ে বেঁচেছে ওয়েস্ট ইন্ডিজ। তবে সামনে এগিয়ে যেতে হলে তো চট্টগ্রামের স্মৃতি ভুলে গেলে চলবে না। কাল দুপুরে মিরপুর স্টেডিয়ামে অনুশীলনে এসেই তাই বেশ কিছুক্ষণ ড্রেসিংরুমে আবদ্ধ হয়ে থাকল ওয়েস্ট ইন্ডিজ দল। চলল টিম মিটিং। হয়তো চট্টগ্রামের ভুলভ্রান্তি নিয়েই আলোচনা হয়েছে সেখানে।শুধু দুঃসহ স্মৃতি নয়, চট্টগ্রাম থেকে শঙ্কাও বয়ে এনেছিল ওয়েস্ট ইন্ডিজ। প্রথম টেস্টে ব্যাটিংয়ের সময় চোট পেয়েছিলেন লেন্ডল সিমন্স ও শিবনারায়ণ চন্দরপল। তবে স্ক্যান করে দেখা গেছে, দুজনের কারও চোটই গুরুতর কিছু নয়। ঢাকা টেস্টে খেলতে পারবেন দুজনই। চন্দরপল তো কাল নেটে ব্যাটিংও করলেন অনেকক্ষণ।চট্টগ্রাম টেস্টের চতুর্থ দিনে ৪৯ রানের ইনিংসটি খেলার পথেই পায়ের পেছনের পেশিতে চোট পেয়েছিলেন চন্দরপল। এ জন্য বাংলাদেশের দ্বিতীয় ইনিংসে ফিল্ডিং করতে পারেননি। যে কারণে দ্বিতীয় ইনিংসে ৭-৮ নম্বরের আগে ব্যাটিংও করতে পারতেন না। সেটির অবশ্য আর প্রয়োজনই পড়েনি। পিঠে সমস্যার কারণে চট্টগ্রামের ওয়ানডে ম্যাচটায় খেলেননি সিমন্স। প্রথমে টেস্ট দলে না থাকলেও আদ্রিয়ান বারাথ চোট পাওয়ায় থেকে যান। খেলেনও প্রথম টেস্টে। কিন্তু দ্বিতীয় ইনিংসে ৪৪ রানের পথে একটি স্কয়ার কাট করতে গিয়ে আবার টান লাগে পুরোনো চোটে। পুরো সফরেই দারুণ ফর্মে আছেন সিমন্স, আর চন্দরপল শুধু ওয়েস্ট ইন্ডিজের এই দলের অভিজ্ঞতমই নন, সেরা ব্যাটসম্যানও। গুরুত্বপূর্ণ এই দুজনকে নিয়ে শঙ্কা কেটে যাওয়ায় নিশ্চয়ই স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন অধিনায়ক ড্যারেন স্যামি।