ওয়েস্ট ইন্ডিজ বিশ্ব চ্যাম্পিয়ন। আর জিম্বাবুয়ে টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ের সবচেয়ে তলানির দল। দুই দলের লড়াইয়ে হলো যা হওয়ার সেটাই। দুই ম্যাচের সিরিজটা জিম্বাবুইয়ানদের উড়িয়ে দিয়েই জিতে নিল ক্যারিবীয়রা। পরশু আরেকটি একতরফা ম্যাচে ৪১ রানে জিতেছে ড্যারেন স্যামির দল। ৭ উইকেট হারিয়ে ওয়েস্ট ইন্ডিজ করেছিল ১৫৮। জবাবে পুরো ২০ ওভার খেলে ওয়েস্ট ইন্ডিজের চেয়ে একটি উইকেট কম হারিয়েও জিম্বাবুয়ে তুলতে পারে ১১৭ রান। বিশ্ব চ্যাম্পিয়নরা এই নিয়ে জিতল টানা ছয় ম্যাচ। পরশু অ্যান্টিগায় ম্যাচের প্রথম ১০ ওভারেই যা লড়ার লড়েছে সফরকারীরা। ওই সময়টায় জিম্বাবুয়ের বোলাররা বেঁধে রেখেছিলেন স্বাগতিক ব্যাটসম্যানদের। প্রথম ১০ ওভারে আসে মাত্র ৬৪ রান। কিন্তু পোলার্ড ক্রিজে আসতেই পাল্টে যায় ছবি। পোলার্ডীয় ব্যাটিংয়ে মাত্র ২৪ বলে ৩টি করে চার ও ছয়ে অপরাজিত ৪৫, ওয়েস্ট ইন্ডিজ শেষ ১০ ওভারে তোলে ৯৪। এরপর হ্যামিল্টন মাসাকাদজা (৫১ বলে অপরাজিত ৫৩) একপ্রান্ত ধরে রাখলেও কখনো মনে হয়নি জিততে পারে জিম্বাবুয়ে। ৪ ওভারে ১৭ রান দিয়ে ৩ উইকেট—ম্যাচসেরা ওয়েস্ট ইন্ডিজের লেগ স্পিনার স্যামুয়েল বদ্রি। ১২ মার্চ ব্রিজটাউনে শুরু হবে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটি। এএফপি, ওয়েবসাইট।