উইন্ডিজের সামনে ২৩০ রানের লক্ষ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডোয়াইন ব্রাভোকে কেড়ে নিয়েছে চোট। ত্রিদেশীয় সিরিজে ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের নেতৃত্ব দেবেন কে, কৌতূহল ছিল এটাই। টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক ড্যারেন স্যামিকে অধিনায়ক করার পক্ষেই মতটা ছিল জোরালো। কিন্তু ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড (ডবু্লআইসিবি) হাঁটল অন্য পথে। কাল কিংস্টনে দ্বিতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের হয়ে টস করলেন কাইরন পোলার্ড। অধিনায়কত্বের অভিষেকে টসটাও জিতেছেন এই বিস্ফোরক ব্যাটসম্যান, আর্দ্র পিচে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন ভারতকে।
আর আর্দ্রতাকে কাজে লাগিয়ে ওয়েস্ট ইন্ডিয়ান বোলাররা ভারতকে বেঁধে ফেলেছে ২২৯ রানে। সদ্যই চ্যাম্পিয়নস ট্রফি জেতা ভারত অলআউট হয়নি, উইকেট হারিয়েছে ৭টি। প্রথম ১০ ওভারের মধ্যেই দলটি হারিয়ে ফেলে শিখর ধাওয়ান ও বিরাট কোহলিকে। দুজনেই ১১ রান করে শিকার হয়েছেন কেমার রোচ ও ক্রিস গেইলের দারুণ দুটি ক্যাচের। ধাওয়ানের ক্যাচটি রোচ নিয়েছেন আবার নিজের বলেই। ওপেনার রোহিত শর্মা ও দীনেশ কার্তিক তৃতীয় উইকেটে ৫৯ রান করে প্রাথমিক ধাক্কাটা সামলালেও রানরেটটা বাড়িয়ে নিতে পারেনি ভারত। ৮৯ বলে ইনিংস সর্বোচ্চ ৬০ রান করেছেন রোহিত। দ্বিতীয় সর্বোচ্চ ৪৪ রান সুরেশ রায়নার। ওয়েস্ট ইন্ডিজের তিন পেসার কেমার রোচ, টিনো বেস্ট ও ড্যারেন স্যামি প্রত্যেকেই নিয়েছেন দুটি করে উইকেট।

ভারত এ ম্যাচে নেমেছে চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালের একাদশ নিয়েই। এই নিয়ে টানা ছয় ম্যাচ একই দল নিয়ে খেলল দলটি। তথ্যসূত্র: ক্রিকইনফো।