উইন্ডিজের সেমিফাইনালে যাওয়ার লক্ষ্য ২৩১ রান
কার্ডিফে বৃষ্টির বাধায় বেশ খানিকটা দেরিতে শুরু হয়েছিল ওয়েস্ট ইন্ডিজ-দক্ষিণ আফ্রিকা ম্যাচটি। ফলে ম্যাচের দৈর্ঘ্যও কমিয়ে ফেলতে হয়েছে ১৯ ওভার। শুরুতে ব্যাটিং করে ২৩০ রানের বড় সংগ্রহ গড়েছে প্রোটিয়ারা। এখন সেমিফাইনাল নিশ্চিত করার চূড়ান্ত লড়াইয়ে জয়ের জন্য উইন্ডিজকে সংগ্রহ করতে হবে ৩১ ওভারে ২৩১ রান। লক্ষ্যটা যে কঠিন, সে ব্যাপারে কোনোই সন্দেহ নেই। তবে এই মাঠেই চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে দুই ইনিংস মিলিয়ে উঠেছিল ৬৩৬ রান। কাজেই গেইল, ব্রাভো, পোলার্ড, স্যামুয়েলসদের মতো মারমুখী ব্যাটসম্যান নিয়ে যেকোনো কিছুই ঘটিয়ে দিতে পারে ওয়েস্ট ইন্ডিজ। দক্ষিণ আফ্রিকার পক্ষে সর্বোচ্চ ৭৩ রানের ইনিংস খেলেছেন ওপেনার কলিন ইনগ্রাম। টসে হেরে ব্যাট করতে নেমে টি-টোয়েন্টি ম্যাচের মনোভাব নিয়ে মাঠে নেমেছিলেন দক্ষিণ আফ্রিকার দুই ওপেনার ইনগ্রাম ও হাশিম আমলা। প্রথম ১২ ওভারেই তাঁরা যোগ করেছিলেন ৮০ রান। ১৩তম ওভারের প্রথম বলে গেইল যদি আমলার ক্যাচটা যদি ধরতে না পারতেন, তাহলে হয়তো দক্ষিণ আফ্রিকার সংগ্রহটা আরও বড় হতে পারত। তিনবারের চেষ্টায় আমলার দেওয়া ক্যাচটি তালুবন্দী করেছেন গেইল। ২৩ রান করে ফিরে গেছেন আমলা। এর পরও আরও কয়েক ওভার ঝোড়ো ব্যাটিং চালিয়ে গেছেন আরেক ওপেনার ইনগ্রাম। ১৮তম ওভারে তাঁকে আউট করে উইন্ডিজ শিবিরে স্বস্তি ফেরান পোলার্ড। ৬৩ বলে ৭৩ রানের চমত্কার এক ইনিংস খেলে ফিরে যান এই বামহাতি ব্যাটসম্যান। পরবর্তী সময় অধিনায়ক ডি ভিলিয়ার্সের ৩৭, ডু প্লেসিসের ৩৫ ও ডেভিড মিলারের ৩৮—এ তিনটি ইনিংসের সুবাদে স্কোরবোর্ডে ২৩০ রান জমা করে দক্ষিণ আফ্রিকা। ‘বি’ গ্রুপের প্রথম দুটি ম্যাচ জিতে সেমিফাইনাল নিশ্চিত করে ফেলেছে ভারত। দুটি ম্যাচ হারায় বিদায় নিশ্চিত হয়ে গেছে পাকিস্তানের। সেমিফাইনালে যাওয়ার লড়াইটা তাই এখন চলছে দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যে। আজকের ম্যাচে যে দল জিতবে, সেই চলে যাবে শেষ চারে।