উইন্ডিজের ‘জরুরি সভা’
যেন মরার ওপর খাড়ার ঘা। এমনিতেই দেয়ালে পিঠ ঠেকে গেছে। সেখানে প্রায় দুটো দিন থাকতে হলো হোটেলবন্দী! পরশু খুলনা থেকে ঢাকায় ফিরে ছিল বিশ্রাম। কাল অনুশীলনই করা গেল না হরতালের কারণে। হোটেলে জিম-টিম করেই কালকের দিনটা কাটিয়েছেন স্যামিরা।তবে পরশু বিশ্রামের ফাঁকে সফরের সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটি সেরে নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ‘জরুরি সভা’ ডেকেছিল টিম ম্যানেজমেন্ট, যে সভার মূল আলোচ্যসূচি ছিল ‘ব্যাটিং’। গেইল-সিমন্স-ব্রাভো-স্যামুয়েলস-পোলার্ড-রাসেল কাগজে-কলমে বিশ্বের ভয়ংকরতম ব্যাটিং লাইনআপ ওয়েস্ট ইন্ডিজের। কিন্তু প্রথম দুই ম্যাচে ব্যাটসম্যানরা চূড়ান্ত ব্যর্থ। এটিকেই দলের পরাজয়ের মূল কারণ মনে করছে টিম ম্যানেজমেন্ট। ব্যাটিং নিয়ে তাই খোলামেলা কথা হয়েছে সভায়, ব্যর্থতা-ঘাটতি নিয়ে আলোচনা হয়েছে।কোচ ওটিস গিবসনের আশা, এবার চিত্রটা পাল্টাবে, ‘গতকাল (পরশু) বিকেলে ব্যাটিং কৌশল নিয়ে সভা হয়েছে আমাদের। বিশ্লেষণ করা হয়েছে আমরা যেভাবে ব্যাটিং করেছি। একদম সৎ ও খোলামেলা আলোচনা হয়েছে। সবাই নিজেদের কাজটা বুঝতে পেরেছে। ব্যাটসম্যানরা বুঝতে পেরেছে ওদের আরও দায়িত্ব নিয়ে খেলতে হবে।’কালকের অনুশীলন বাতিল করতে হওয়ায় খানিকটা বিরক্তই মনে হলো ওয়েস্ট ইন্ডিজ কোচকে। তবে খানিকটা পুষিয়ে দেওয়ার একটা উপায় তাঁরা বের করেছেন, ‘প্রথম দুই ম্যাচে হারার পর অবশ্যই সবাই নেটে কাজ করতে চাইবে। কিছু ভুল শোধরাতে কাজ করতে চাইবে। কিন্তু সুযোগটা পাওয়া গেল না। কাল (আজ) আমরা আগেভাগে নেটে যাব। ম্যাচের আগে নেটে অনুশীলন সেরে নেব।’সেই অনুশীলনে অবশ্যই প্রাধান্য পাবে ব্যাটিং। গিবসনের মতে, সিরিজে টিকে থাকার ম্যাচটায় জয় নির্ভর করছে ব্যাটিং পারফরম্যান্সের ওপরই, ‘হিসাবটা সোজা, জিততে হলে ওদের চেয়ে এক রান বেশি করতে হবে। ব্যাটসম্যানদের দৃঢ় প্রতিজ্ঞা নিয়ে উইকেটে থাকতে হবে, আরও মনোযোগী হতে হবে। ওদের স্পিনারদের বিপক্ষে আরেকটু চটপটে হতে হবে। আমরা এখনো সমন্বিত ব্যাটিংয়ের একটা প্রদর্শনী দেখাতে পারিনি। একটা ওয়ানডে ম্যাচের ১৭-১৮ ওভার আগে অলআউট হয়ে যাওয়াটা খুবই হতাশাজনক।’প্রথম দুই ম্যাচে একাদশ সাজানো নিয়েও খানিকটা দ্বিধা-দ্বন্দ্ব দেখা গেছে ওয়েস্ট ইন্ডিজ শিবিরে। প্রথম ম্যাচে খেলছে তিন পেসার নিয়ে, পরের ম্যাচে পেসার কেমার রোচের জায়গায় ব্যাটিং অলরাউন্ডার ডোয়াইন স্মিথ। এমনিতে স্মিথ-রাসেল-স্যামির মতো অলরাউন্ডাররাই ওয়েস্ট ইন্ডিজের বড় শক্তি। কিন্তু টপ অর্ডার রান না পাওয়ায় অলরাউন্ডাররা চাপে পড়ে গেছেন। গেইল-সিমন্স-ব্রাভো-স্যামুয়েলস—চার মূল ব্যাটসম্যান মিলে প্রথম দুই ম্যাচে করতে পেরেছেন মাত্র ৯৯ রান!গিবসনের অবশ্য অলরাউন্ডারদের সামর্থ্যে অগাধ আস্থা, ‘অনেক অনেক অলরাউন্ডার নিয়েই আমরা বছরজুড়ে খেলে আসছি। সফলও হয়েছি। হারার পর এখন প্রশ্ন উঠছে। এই দল নিয়েই আমরা কদিন আগে নিউজিল্যান্ডকে ৪-১-এ হারিয়েছি।’ব্যাটিংয়ে উন্নতির প্রত্যাশা থাকছে। সঙ্গে থাকছে ভাগ্যের দিকে তাকিয়ে থাকাও। শহর বদলে ভাগ্য বদলানোর আশার কথা বলেছিলেন অধিনায়ক ড্যারেন স্যামি। খুলনা থেকে ঢাকায় ফিরে কোচ গিবসনও আছেন ভাগ্য বদলের আশায়, ‘মিরপুর আমাদের জন্য বেশ পয়া ভেন্যু। গত বছর এখানেই আমরা টেস্ট ও ওয়ানডে সিরিজ জিতেছিলাম।’