উইম্বলডন কোর্ট যেন ‘মৃত্যুফাঁদ’
বুধবার দিনটা উইম্বলডনের ইতিহাসে ‘কালো দিন’ হিসেবেই থাকল। শুধু চোটের কারণে গতকালই প্রতিযোগিতা থেকে সরে দাঁড়ালেন সাত-সাতজন খেলোয়াড়! যাঁরা কোর্টে নামলেন, তাঁদের পা ফসকালো। তারকা-বধের মিছিলে রাফায়েল নাদালের সঙ্গী হয়েছেন রজার ফেদেরার, মারিয়া শারাপোভাও। দ্বিতীয় রাউন্ডেই অপ্রত্যাশিত পরাজয়ের শিকার হয়েছেন ক্যারোলিন ওজনিয়াকি, আনা ইভানোভিচ, ইয়েলেনা ইয়াঙ্কোভিচ, লেটন হিউইটের মতো তারকারাও। চোটের কারণে স্বেচ্ছা-পরাজয় মেনে নিয়েছেন ভিক্টোরিয়া আজারেঙ্কা, জো উইলফ্রায়েড সোঙ্গাসহ আরও কয়েকজন। টুর্নামেন্টে টিকে থাকা খেলোয়াড় থেকে বিদায় নেওয়া সবার অভিযোগ, উইম্বলডন কোর্টের ঘাস খুব পিচ্ছিল, বিপজ্জনক। এই মৃত্যুফাঁদের সমাধানও চেয়েছেন তাঁরা।দ্বিতীয় রাউন্ডে তিন-তিনবার পড়ে গিয়ে বিস্মিত সাবেক এক নম্বর খেলোয়াড় শারাপোভা, ‘এক ম্যাচে তিনবার পড়ে গেলাম। এটা আমার কাছে খুব অবাক লেগেছে। গোটা ক্যারিয়ারে কখনোই এমন অভিজ্ঞতা হয়নি আমার।’ কোর্টের আচরণে বিস্মিত আজারেঙ্কাও, ‘কোর্ট ভালো অবস্থায় ছিল না। আমার প্রতিপক্ষ (প্রথম রাউন্ডে) দুইবার পড়ে যায়। আমিও বাজেভাবে পড়ে গিয়েছিলাম। পরবর্তী সময়ে আমাদের মতো অনেকেই কোর্টে পড়ে যায়।’ দ্বিতীয় রাউন্ডের আগমুহূর্তে নিজেকে সরিয়ে নেওয়া আজারেঙ্কার পরামর্শ, ‘যাঁরা কোর্ট দেখভালের দায়িত্বে আছেন, তাঁদের উচিত ব্যাপারটাকে গুরুত্ব দিয়ে দেখা। কোর্ট পর্যবেক্ষণ করে একটা সমাধান খুঁজে বের করা, যেন এমন ঘটনা আর না ঘটে।’ সূত্র: ওয়েবসাইট।