উইম্বলডন কোর্ট 'মৃত্যুফাঁদ' নয়, আয়োজকদের দাবি

শুধু এক দিনে চোটের কারণে নাম প্রত্যাহার করে নিয়েছেন সাত-সাতজন খেলোয়াড়। উইম্বলডন তো বটেই, টেনিসের ওপেন যুগ শুরু হওয়ার পর যেকোনো গ্র্যান্ড স্লাম লড়াইয়ে এটি রেকর্ড। গত পরশু দিনটা টেনিসে পরিচিতি পেয়ে গেছে ‘কালো বুধবার’ হিসেবে।
অঘটনের শিকারও হয়েছেন রজার ফেদেরার, রাফায়েল নাদাল, মারিয়া শারাপোভার মতো তারকারা। শারাপোভা, আজারেঙ্কাসহ অনেকেরই অভিযোগ উইম্বলডনের কোর্টের প্রতি। তবে উইম্বলডন কর্তৃপক্ষের দাবি, কোর্টে কোনো সমস্যা নেই, সব ঠিকঠাক আছে। ‘বিশ্বের সেরা টেনিস কোর্টই তৈরি করেছি আমরা। যেভাবে খেলা চলছে, আমরা শতভাগ খুশি। অন্য বছরের তুলনায় এটি মোটেই আলাদা নয়’—বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন উইম্বলডনের নবনিযুক্ত প্রধান গ্রাউন্ডসম্যান নিল স্টাবলি।
পরশু উইম্বলডনের তৃতীয় দিনটা এসেছিল টেনিস-বিশ্বকে বিস্ময়ে হতবাক করে দিতেই। দিনের শুরু থেকে চোটে কাটা পড়তে থাকলেন একের এক খেলোয়াড়। স্বেচ্ছা-পরাজয় মেনে নেন ভিক্টোরিয়া আজারেঙ্কা, জো উইলফ্রায়েড সোঙ্গাসহ সাতজন। দিনের শেষের দিকে মিলল আরও বিস্ময়। দ্বিতীয় রাউন্ড থেকে ছিটকে পড়লেন সাবেক ‘নাম্বার ওয়ান’ শারাপোভা, ক্যারোলিন ওজনিয়াকি, আনা ইভানোভিচ, ইয়েলেনা ইয়াঙ্কোভিচ, লেটন হিউইট। এই তালিকা থেকে বাদ গেলেন না উইম্বলডনের ‘রাজা’ রজার ফেদেরারও। পিচ্ছিল কোর্টে কমবেশি হোঁচট খেয়েছেন সবাই।
মারিয়া শারাপোভার কথাই ধরুন। তিন-তিনবার পা পিছলে কোর্টে পড়ে যান রাশিয়ার এই গ্ল্যামারগার্ল। ম্যাচ শেষে তাঁর কণ্ঠে ঝরে পড়ে বিস্ময়, ‘এক ম্যাচে তিনবার পড়ে গেলাম। এটা আমার কাছে খুব অবাক লাগছে। গোটা ক্যারিয়ারে কখনোই এমন অভিজ্ঞতা হয়নি আমার।’ উইম্বলডনের দুই নম্বর কোর্টকে শারাপোভা উল্লেখ করেছিলেন ‘বিপজ্জনক’ হিসেবে। অভিযোগটা অবশ্য উড়িয়ে দিয়েছেন স্টাবলি, ‘এটা তাঁর (শারাপোভার) ব্যক্তিগত মতামত। এক ঘণ্টা আগেই ওই কোর্টে খেলেন লেটন হিউইট। তাঁর কাছে কোর্ট ঠিকই মনে হয়েছে।’