উইম্বলডন জিতলেন সেরেনা
২০১০ সালে শেষবারের মতো গ্রান্ডস্ল্যাম শিরোপা জিতেছিলেন সেরেনা উইলিয়ামস। দীর্ঘ দুই বছর পর আবার এই সাফল্যের দেখা পেয়েছেন আমেরিকান এই টেনিস তারকা। আজ আজ পোল্যান্ডের আগ্নিয়েস্কা রাদওয়ানস্কাকে হারিয়ে পঞ্চমবারের মতো উইম্বলডনের শিরোপা জিতেছেন সেরেনা।প্রথম সেটে খুব সহজেই ৬-১ গেমের জয় পেয়েছিলেন সেরেনা উইলিয়ামস। কিন্তু দ্বিতীয় সেটে দুর্দান্তভাবে খেলায় সমতা ফেরান রাদওয়ানস্কা। সেটটা তিনি জিতে নেন ৫-৭ গেমে। কিন্তু তৃতীয় ও চূড়ান্ত সেটে আর কোনই সুযোগ পাননি তিনি। ৬-২ গেমে সেট জিতে এবছরের উইম্বলডন শিরোপাটি জিতে নেন সেরেনা। এ নিয়ে ১৪টি গ্রান্ড স্ল্যাম শিরোপা জমা হলো সেরেনার ট্রফি কেসে। অন্যদিকে পোল্যান্ডের আগ্নিয়েস্কা রাদওয়ানস্কার সামনে আজ ছিল ইতিহাস গড়ার হাতছানি। ফাইনালে সেরেনা উইলিয়ামসকে হারাতে পারলেই তিনি হয়ে যেতেন মেয়েদের টেনিসের এক নম্বর তারকা। আর শিরোপাটা জিততে পারলে তিনি হতে পারতেন পোল্যান্ডের প্রথম গ্রান্ড স্ল্যাম জয়ী নারী টেনিস খেলোয়াড়।