উইম্বলডন স্বপ্নে বিভোর ফেদেরার
এই মুহূর্তে নিশ্চয়ই উইম্বলডন শিরোপাটা জেতা ছাড়া আর কিছুই চিন্তা করছেন না রজার ফেদেরার। মৌসুমের তৃতীয় এই গ্র্যান্ড স্লামে শেষ হাসি হাসতে পারলেই তিনি ছুঁয়ে ফেলবেন টেনিস কিংবদন্তি পিট সাম্প্রাসের সাতটি উইম্বলডন শিরোপা জয়ের রেকর্ড। কিন্তু ইতিহাস গড়ার এই পথটা যে খুব মসৃণ নয়, এটাও খুব ভালোভাবেই বুঝতে পারছেন সাবেক এই ১ নম্বর টেনিস তারকা।গত বছর অস্ট্রেলিয়ান ওপেনে শেষবারের মতো কোনো গ্র্যান্ড স্লামের শিরোপা জিতেছিলেন ফেদেরার। আর অঘটনের শিকার হয়েছিলেন উইম্বলডনের আসরে। চেক তারকা থমাস বারডিচের কাছে আকস্মিকভাবে হেরে ছিটকে পড়েছিলেন উইম্বলডনের কোয়ার্টার ফাইনাল থেকে। এবার কোনো অঘটনের শিকার হতে না হলেও আগামীকাল থেকে শুরু হতে যাওয়া টেনিসের সবচেয়ে মর্যাদাপূর্ণ এই আসরের শিরোপা জয়ের পথে তাঁর প্রধান বাধা হিসেবে থাকবেন রাফায়েল নাদাল, নোভাক জোকোভিচ ও অ্যান্ডি মারে। মাত্র কয়েক দিন আগেই অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে নাদালের কাছে হেরে শিরোপা জয়ের স্বপ্ন ধূলিসাত্ হয়ে গিয়েছিল ফেদেরারের। দ্বিতীয় ও চতুর্থ বাছাই নোভাক জোকোভিচ ও অ্যান্ডি মারেও আছেন দুর্দান্ত ফর্মে। তবে এই মুহূর্তে শিরোপার স্বপ্নে একেবারে বিভোর হয়ে আছেন ফেদেরার। গতকাল সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেছেন, ‘আমি জানি, এবার পিট সাম্প্রাসের রেকর্ড ছুঁয়ে ফেলার অনেক সম্ভাবনা আছে আমার সামনে। এটা আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা টুর্নামেন্ট। আমি উইম্বলডনের কথা চিন্তা করলে, শিরোপা জয় ছাড়া অন্য কিছু ভাবতেই পারি না। আশা করছি, আমার সেই স্বপ্ন পূরণ হবে।’ ওয়েবসাইট