উইম্বলডন স্বপ্নে বিভোর শারাপোভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইনজুরি সমস্যায় জর্জরিত হয়েই ক্যারিয়ারটা পার করে দিলেন রাশিয়ান সুদর্শনা মারিয়া শারাপোভা। একটা সময় ইনজুরির কারণে তাঁর টেনিস তারকার মূল পরিচয়ই ঢাকা পড়ে গিয়েছিল। নিজের গ্ল্যামার ব্যবহার করে বিভিন্ন পণ্যের প্রচারেই বেশি সময় ব্যয় করছিলেন। অনেকেই শারাপোভাকে টেনিস খেলোয়াড়ের চেয়ে গ্ল্যামার মডেল হিসেবে ভাবতেই বেশি পছন্দ করতেন।ইনজুরি তো ছিলই, পারফরম্যান্সের ধারাবাহিকতার অভাবও তাঁকে পিছিয়ে দিয়েছে অনেকটাই। অথচ তিনি যে এককালের উইম্বলডন চ্যাম্পিয়ন। বয়সটা এখনো অনেক হয়ে যায়নি। সবে ২৪-এ পা দিয়েছেন। তিনি এখন অনেকটাই সচেতন নিজের ক্যারিয়ার নিয়ে। ক্যারিয়ার মানে, অবশ্যই টেনিস ক্যারিয়ার। ব্লন্ড সুন্দরী টেনিস তারকার এ মুহূর্তের ভাবনা উইম্বলডন। তিনি মনে করেন, অল ইংল্যান্ড ক্লাবে আরও একটি গৌরবের শিরোপাই তাঁর টেনিস ক্যারিয়ারকে আবার পুনরুজ্জীবিত করতে পারে।২০০৪ সালে মাত্র ১৭ বছর বয়সে উইম্বলডনের শিরোপা জেতাটা কখনো ভুলতে পারবেন না তিনি। সেই গৌরবের মুহূর্তটি তাঁর কাছে অনেক কিছুরই অনুপ্রেরণা। এবারের উইম্বলডনের লড়াইয়ে নামার আগেও সেই ২০০৪ সালে শিরোপা জয়ের কৃতিত্বটিই তাঁকে অনুপ্রেরণা জুগিয়ে যাচ্ছে। সেই সঙ্গে যুক্ত হয়েছে সাম্প্রতিক সময়ে ফ্রেঞ্চ ওপেনে সেমিফাইনালে ওঠার সাফল্য। সে কারণেই বোধ হয় এবারের শুরুটা দুর্দান্তই করলেন তিনি। নিজ দেশের আন্না চাকভেতাদজেকে ৬-২, ৬-১-এ একেবারে উড়িয়েই দিলেন।উইম্বলডন ছাড়াও ২০০৮ সালে অস্ট্রেলিয়ান ওপেন জিতেছিলেন। নেই, নেই করেও দুটি গ্র্যান্ড স্লামের গৌরব রয়েছে তাঁর ঝুলিতে। তিনি জিততে চান এবারের উইম্বলডন। আর এ মুহূর্তে এটাই তাঁর চোয়ালবদ্ধ প্রতিজ্ঞা।‘আরও একটি গ্র্যান্ড স্লাম জেতাটা মন্দ হয় না। এবং এ মুহূর্তে উইম্বলডনের শিরোপা জেতাটা আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ।’ শারাপোভার মন্তব্য।‘আমি অতীতে উইম্বলডনের শিরোপা জিতেছি। আমি বলতে পারব, সেই রুপালি থালাটা সবার সামনে উচ্চে তুলে ধরার গৌরব আর আনন্দটা।’ নিজের আগের উইম্বলডন গৌরবের স্মৃতিচারণ শারাপোভার কণ্ঠে। ওয়েবসাইট।