উইম্বলডনটাও চান লি না
চীনের নারী টেনিস সেনসেশন লি নার ওপর এখন অনেক চাপ। এ চাপ এত বেশি যে তিনি উইম্বলডনে খেলতে নামার আগে আঙুলের নখে নেলপলিশ লাগানোর সময় পাবেন কি না সন্দেহ। এই তো কিছুদিন আগেই ফ্রেঞ্চ ওপেন জিতেই তিনি ‘সমস্যা’টা তৈরি করেছেন। প্রথম এশিয়ান হিসেবে কোনো গ্র্যান্ড স্লামের শিরোপা জয় যে তাঁর প্রতি প্রত্যাশা বাড়িয়ে দিয়েছে শতকোটি গুণ!চীনে এখন তিনি জাতীয় আশা-আকাঙ্ক্ষার প্রতীক। ফ্রেঞ্চ ওপেন জিতেই তিনি তা অর্জন করেছেন। তিনি এমন একটি দেশের নাগরিক যেখানে ক্রীড়াক্ষেত্রের সম্মানকে জাতীয় সম্মানের সঙ্গে একাকার করে ফেলা হয়েছে। সে হিসেবে অল ইংল্যান্ড ক্লাবের উইম্বলডন প্রতিযোগিতাটি তাঁর জন্য একটি যুদ্ধক্ষেত্রই।এ যুদ্ধক্ষেত্রে নামার আগে ২৯ বছর বয়সী এ চীনা তরুণী নিজেও কিছুটা স্নায়ু চাপে ভুগছেন। এ স্নায়ু চাপ অবশ্যই নতুন পরিবেশে নতুন করে নিজেকে প্রমাণ করার যে ফ্রেঞ্চ ওপেনের শিরোপাটা হঠাত্ কুড়িয়ে পাওয়া কোনো কিছু নয়। বিশ্বকে দেখিয়ে দেওয়া যে আসলেই টেনিসে উঠে আসছে এশিয়া। আরও নির্দিষ্ট করে বললে চীন।‘অবশ্যই উইম্বলডনে খেলতে নামার আগে আমার ওপর যথেষ্ট চাপ রয়েছে। তবে এ চাপ আমাকে কাটিয়ে উঠতে হবে। আমাকে ফ্রেঞ্চ ওপেনের শিরোপা জয়ের ব্যাপারটি মাথা থেকে সরিয়ে ফেলতে হবে।’ বলেছেন বিশ্বের চার নম্বর বাছাই এই নারী।‘ফ্রেঞ্চ ওপেন এখন অতীত। উইম্বলডন সম্পূর্ণ নতুন একটি প্রতিযোগিতা। তবে আমার চেষ্টা থাকবে ফ্রেঞ্চ ওপেনের মতোই।’ লি নার কণ্ঠে ভালো করার প্রত্যয়।ফ্রেঞ্চ ওপেনের লাল কাদামাটির কোর্ট আর অল ইংল্যান্ড ক্লাবের সবুজ ঘাসের কোর্টে অনেক পার্থক্য। পুরো টেনিস বিশ্বই ঘাসের কোর্টকে অনেক কঠিন জায়গা হিসেবে স্বীকার করে নিয়েছে। ঘাস আর কাদা কোর্টের পার্থক্যটা লি না নিজেও অনুধাবন করেন। তবে ঘাসে তিনি ভালো করবেন বলেই জানিয়েছেন। বলেছেন, ‘আমি সব সময় ঘাসের কোর্টে ভালো খেলি। তবে সবচেয়ে বড় ব্যাপার হলো, আমার নিজের প্রতি আমার আস্থা রয়েছে। এ আস্থাই আমাকে এগিয়ে নিয়ে যাবে।’জানুয়ারিতে অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে উঠে গিয়েছিলেন। প্রত্যাশার পারদটা আসলে চড়েছিল তখন থেকেই। ফ্রেঞ্চ ওপেনের শিরোপাটা তো হাতের মুঠোয় নিয়ে নিয়েছেন। এবারও উইম্বলডনের ফাইনালে উঠে টানা তিনটি গ্র্যান্ড স্লামের ফাইনালে ওঠার অনন্য সম্মানটি ঝুলিতে ভরতে চান। প্যারিসের সাফল্য আত্মবিশ্বাসটা বাড়িয়ে দিয়েছে আরও অনেক বেশি। এবার আর ফাইনালে খেলেই সন্তুষ্ট নয়, জিতে রুপালি থালাটাও দেশে নিয়ে যেতে চান। সেই প্রত্যাশায় তাঁর দিকে তাকিয়ে যে চীনের ১১৬ মিলিয়ন লোক। রয়টার্স।