উইম্বলডনে আবার শ্রেষ্ঠত্ব কেভিতোভার

চেক ঝড়ে দুমড়ে-মুচড়ে গেল কানাডিয়ান স্বপ্ন।ইউজিনি বুশারকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেই ক্যারিয়ারের দ্বিতীয় উইম্বলডন শিরোপা জিতলেন পেত্রা কেভিতোভা।কাল উইম্বলডনের সেন্ট্রাল কোর্টে মাত্র ৫৫ মিনিটেই বুশারকে ৬-৩, ৬-০ গেমে হারিয়েছেন ২০১১ সাল প্রথম উইম্বলডন জেতা কেভিতোভা। ১৯৮৩ সালের পর উইম্বলডনে এটাই মেয়েদের সংক্ষিপ্ততম ফাইনাল।
ফাইনালে উঠেই ইতিহাস হয়েছিলেন ২০ বছর বয়সী বুশার। কোনো কানাডিয়ানের এটাই ছিল প্রথম গ্র্যান্ড স্লাম ফাইনাল। কিন্তু ২০১২ সালের জুনিয়র উইম্বলডন চ্যাম্পিয়ন প্রত্যাশার চাপেই নুয়ে পড়লেন। পারলেন না কোনো প্রতিদ্বন্দ্বিতাই গড়তে।
২০১১ সালে উইম্বলডন জয়ের পর কেভিতোভা আর কোনো গ্র্যান্ড স্লামের ফাইনালেই উঠতে পারেননি। কাল সেই কেভিতোভারই ভয়ংকর রূপ দেখলেন বুশার। ২৮টি উইনার মেরেছেন কেভিতোভা, এইস চারটি।
আজ পুরুষ ফাইনালে মুখোমুখি রজার ফেদেরার ও নোভাক জোকোভিচ। ক্যারিয়ারের ১৮তম ও অষ্টম উইম্বলডন শিরোপা জয়ের চেষ্টাই করবেন সুইস মহাতারকা। ২০১২ সালে এই উম্বলডনেই ক্যারিয়ারে সর্বশেষ গ্র্যান্ড স্লামটি জিতেছিলেন ফেদেরার। এএফপি।