উইম্বলডনে মারের হাসি

দিনটা যেন ব্রিটিশদের সুখবর দেবে বলেই ঠিক করেই রেখেছিল। ব্রিটিশ গ্রাঁ প্রিতে লুইস হ্যামিল্টন জিতেছেন, উইম্বলডনেরও হুইলচেয়ারে ছেলে ও মেয়েদের দুটি বিভাগেই জিতেছেন ব্রিটেনের গর্ডন রিড ও জর্ডান হুইলি। অ্যান্ডি মারেই বা উৎসব থেকে বাদ যাবেন কেন! উইম্বলডন তাঁকেও ভাসাল আনন্দে। কানাডার মিলোস রাওনিচকে হারিয়ে কাল ক্যারিয়ারের তৃতীয় গ্র্যান্ড স্লাম জিতলেন মারে।
গ্র্যান্ড স্লামের ফাইনালে এর আগে খেলেছেন আরও ১০ বার। কখনো ফেদেরার, কখনো জোকোভিচের দাপটে সেই ১০ ফাইনালে মাত্র দুবার হাসি নিয়ে ফিরতে পেরেছিলেন মারে। ১১তম বারে এসে ক্যারিয়ারে সম্ভবত প্রথমবার ফেবারিট হয়ে ফাইনালে খেলতে নেমেছিলেন ব্রিটিশ টেনিস তারকা। ফেবারিটের মর্যাদাটা কী দুর্দান্তভাবেই না রাখলেন দুই নম্বর বাছাই! পুরো ম্যাচে দাপট ধরে জিতলেন ৬-৪, ৭-৬ (৭-৩), ৭-৬ (৭-২) গেমে।
অল ইংল্যান্ড ক্লাবে কাল মারে-ম্যানিয়া ছিল দেখার মতো। টিকিট বিক্রি হয়ে গিয়েছিল অনেক আগে, গ্যালারিতে উপস্থিত বিভিন্ন জগতের তারকাদের বেশির ভাগেরও সমর্থন ছিল ঘরের ছেলের দিকে। অন্যদিকে ক্যারিয়ারে প্রথমবারের মতো কোনো গ্র্যান্ড স্লাম ফাইনাল খেলতে নামা রাওনিচ যেন মহাসমুদ্রে একাকী নাবিক। উপলক্ষটা তাই হয়তো প্রেরণার বদলে উল্টো চাপ হয়েই এল র্যা ঙ্কিংয়ের সাতে থাকা কানাডিয়ানের কাছে।
চাপের কারণেই কি না, প্রথম সেটে একটু অচেনা মনে হলো রাওনিচকে। যে দুর্দান্ত টেনিস খেলে সেমিফাইনালে রজার ফেদেরারকে হারিয়েছেন, সেটি কাল অনেকটাই উধাও। উল্টো দিকে দুর্দান্ত সার্ভিস আর তার চেয়েও ভয়ংকর রিটার্নের প্রদর্শনীতে প্রথম সেটটা মারে জিতলেন ৬-৪ গেমে। দ্বিতীয় ও তৃতীয় সেটেও যে ঠিক ধ্রুপদি টেনিস হয়েছে, সেটি বলা যাবে না। বরং দুই প্রজন্মের দুই তারকার জয়ের তাড়নাটাই বেশি চোখে পড়ল। দুটি সেটই ৬-৬ গেমে সমতার পর গড়াল টাইব্রেকারে। দক্ষতার সঙ্গে স্নায়ুর সেই পরীক্ষায় দুবারই বড় মঞ্চে অনভিজ্ঞ রাওনিচের বিপক্ষে দাপুটে জয় মারের। দ্বিতীয় সেটে টাইব্রেকারে জিতলেন ৭-৩ ব্যবধানে, তৃতীয় সেটে ৭-২!
এর আগে এতগুলো ফাইনালে হেরেছেন, জয়ের পর এ জন্যই কি উদ্যাপনে একটু পরিমিত ছিলেন মারে? দেখে কে বলবে, মাত্রই গ্র্যান্ড স্লাম জিতেছেন! সমর্থকদের দিকে হাত নাড়ালেন, ব্যান্ড ছুড়ে মারলেন। কিন্তু আবেগটা বেরিয়ে এল একটু পর। তোয়ালেতে মুখটা ঢাকতেই দমকে উঠলেন কান্নায়। ম্যাচ শেষের প্রতিক্রিয়ায়ও উঠে এল আগের হারগুলোর দুঃখ, ‘সবাই প্রতিবছরই আমাকে সমর্থন জানাতে ছুটে আসেন। এখানে অনেক দুর্দান্ত মুহূর্তও কেটেছে আমার। তবে কিছু অসহনীয় হারও দেখেছি। ওই কঠিন মুহূর্তগুলোর কারণেই এই জয়টা আরও বিশেষ হয়ে উঠছে।’
ব্রিটিশদের বিশেষ কিছুর স্বাদ দিয়ে মারে খুশি। কিন্তু রাওনিচ? পুরো টুর্নামেন্টে দুর্দান্ত খেলেছেন। টেনিসের ভবিষ্যৎ তারকাদের মধ্যে একজন মনে করা হচ্ছে ২৫ বছর বয়সী কানাডিয়ানকে। এই পরাজয় থেকেই ঘুরে দাঁড়াতে চান তিনি সামনে, ‘এটা অনেক পোড়াবে। তবে এখানে আবারও ফিরতে যা কিছু করা দরকার, সবই করব আমি।’
সেটি ভবিষ্যতের ব্যাপার। তার আগ পর্যন্ত সময়টা মারের উপভোগের। অনেক ব্যর্থতার বেদনা সয়ে এই সুন্দর সময়টা নির্মাণ করেছেন তিনিই। সূত্র: স্টার স্পোর্টস।