একই গ্র্যান্ড স্লামের একক, দ্বৈত ও মিশ্র দ্বৈতে চ্যাম্পিয়ন! বর্তমান বাস্তবতায় অসম্ভবের কাছাকাছি। কিন্তু একসময় এমন অর্জন এতটা বিরল ছিল না। উইম্বলডনেই টানা দুই বছর এই কীর্তি গড়েছেন যুক্তরাষ্ট্রের ডোনাল্ড বাজ, ১৯৩৭ ও ১৯৩৮ সালে। পরের বছর ধরতে গেলে বলে-কয়েই একই কীর্তি গড়েন ববি রিগস। টুর্নামেন্টের আগে তিনটিই জিতবেন বলে বাজি ধরেছিলেন এই আমেরিকান, পরে প্রাইজমানির সঙ্গে জিতেছেন বাজির টাকাও! উইম্বলডনে পুরুষদের মধ্যে ত্রিমুকুট জয়ের কৃতিত্ব আছে আর একজনেরই—অস্ট্রেলিয়ার ফ্রাঙ্ক সেজম্যান (১৯৫২)। পাঁচজন মেয়ে জিতেছেন উইম্বলডনের ত্রিমুকুট। মহিলা টেনিসের প্রথম ‘সুপারস্টার’ বলে বিবেচিত ফ্রান্সের সুজানে লেংলেন একাই জিতেছেন তিনবার (১৯২০, ১৯২২ ও ১৯২৫)। বাকি চারজনই মার্কিন। দুবার করে জিতেছেন লুসি ব্রাফ (১৯৪৮ ও ১৯৫০) ও বিলি জন কিং (১৯৬৭ ও ১৯৭৩), একবার করে এলিস মার্বেল (১৯৩৯) ও ডোরিস হার্ট (১৯৫১)।