উইম্বলডনের ফাইনালে ফেদেরার-জকোভিচ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নবমবারের মতো উইম্বলডনের ফাইনালে ওঠার পর ফেদেরারের উল্লাস। ছবি: রয়টার্স
নবমবারের মতো উইম্বলডনের ফাইনালে ওঠার পর ফেদেরারের উল্লাস। ছবি: রয়টার্স

ফুটবল বিশ্বকাপের ডামাডোলে খানিকটা ফিকেই হয়ে গেছে উইম্বলডনের এবারের আসর। শীর্ষ তারকা রাফায়েল নাদাল ও অ্যান্ডি মারের বিদায়ে কিছুটা রঙও হারিয়েছে টেনিসের অন্যতম প্রধান এই প্রতিযোগিতাটি। কিন্তু একের পর এক বাধা টপকে নতুন এক রেকর্ডের সামনে দাঁড়িয়ে আছেন রজার ফেদেরার। এবারের শিরোপাটি জিততে পারলেই উইম্বলডনের সবচেয়ে বেশি আটটি শিরোপাজয়ী প্রথম খেলোয়াড় হওয়ার গৌরব অর্জন করবেন এই সুইস তারকা। ফাইনালে তাঁর প্রতিপক্ষ নোভাক জকোভিচ।

সবচেয়ে বেশি সাতটি শিরোপা জয়ের রেকর্ডটি এখন ফেদেরার ভাগ করে নিচ্ছেন টেনিস কিংবদন্তি পিট সাম্প্রাসের সঙ্গে। এবারের শিরোপাটি জিতলেই সাম্প্রাসকে ছাড়িয়ে যাবেন এসময়ের অন্যতম সেরা এই খেলোয়াড়। সেমিফাইনালে মিলোস রায়োনিককে ৬-৪, ৬-৪, ৬-৪ গেমে হারিয়ে নবমবারের মতো উইম্বলডনের ফাইনালে উঠে এসেছেন ফেদেরার।
উইম্বলডনের ফাইনালে মাত্র একবারই হারের স্বাদ পেয়েছেন এই সুইস তারকা। ২০০৮ সালে তাঁকে হারিয়ে শিরোপা জিতেছিলেন নাদাল।
উইম্বলডনের অপর সেমিফাইনালে বেলজিয়ামের গ্রিগর দিমিত্রভকে ৬-৪, ৩-৬, ৭-৬ (৭-২), ৭-৬ (৯-৭) গেমে হারিয়ে ফাইনালে উঠেছেন জকোভিচ। উইম্বলডনের ফাইনালে এবারই প্রথমবারের মতো মুখোমুখি হতে যাচ্ছেন জকোভিচ ও ফেদেরার।— রয়টার্স