উইম্বলডনের ফাইনালে শারাপোভা ও ভাইতোভা
গত বছর উইম্বলডনের সেমিফাইনাল পর্যন্তই যেতে পেরেছিলেন পেত্রা ভাইতোভা। কিন্তু এবার আরও একধাপ এগিয়ে গেলেন চেক প্রজাতন্ত্রের এই টেনিস তারকা। আজ বৃহস্পতিবার ফাইনালে যাওয়ার লড়াইয়ে বেলারুশের ভিক্টোরিয়া আজারেংকাকে ৬-১, ৩-৬, ৬-২ গেমে হারিয়ে ক্যারিয়ারে প্রথমবারের মতো কোনো গ্রান্ড স্ল্যামের ফাইনালে উঠলেন ভাইতোভা। অন্যদিকে ক্যারিয়ারের দ্বিতীয় উইম্বলডন শিরোপা জয়ের পথে আরও একধাপ এগিয়ে গেছেন মারিয়া শারাপোভা। আজ সেমিফাইনালে জার্মানির স্যাবাইন লিসিস্কির বিপক্ষে ৬-৪, ৬-৩ গেমের সহজ জয় পেয়ে তিনিও পেয়ে গেছেন উইম্বলডন ফাইনালের টিকিট।প্রথম সেটটা খুব সহজেই ৬-১ গেমে জিতে নিয়েছিলেন ভাইতোভা। কিন্তু দ্বিতীয় সেটে বেশ কিছু ভুল করে সেটটা হেরে যান ৩-৬ গেমে। তবে তৃতীয় সেটটা ৬-২ গেমে জিতে সহজেই ফাইনাল নিশ্চিত করেন ২১ বছর বয়সী ভাইতোভা।আগামী শনিবার ফাইনালে শিরোপা জয়ের লড়াইয়ে মুখোমুখি হবেন পেত্রা ভাইতোভা ও মারিয়া শারাপোভা। রয়টার্স।