উইম্বলডনের ‘সাত’ নিয়ে সাম্প্রাস
পিট সাম্প্রাস উইম্বলডনে সর্বশেষ শিরোপা জিতেছিলেন ২০০০ সালে। সেই থেকে গত বছর পর্যন্ত উইম্বলডনে সর্বোচ্চ সাত শিরোপার রেকর্ডটা তাঁর একারই ছিল। গত বছর সেই রেকর্ডে ভাগ বসিয়েছেন রজার ফেদেরার। সাম্প্রাসের বিশ্বাস, নিকট ভবিষ্যতে তাঁদের রেকর্ডটা অক্ষতই থাকবে। আগামী মাসে রজার্স কাপ হল অব ফেমে অভিষেক হতে যাচ্ছে মার্কিন কিংবদন্তির। ১৪টি গ্র্যান্ড স্লামজয়ী সাম্প্রাস রজার্স কাপের কিংবদন্তি ইভেন্টে খেলবেনও। এ উপলক্ষেই পরশু টরন্টোতে এক সংবাদ সম্মেলনে সাবেক এক নম্বর তারকা বলেছেন, ‘আমি নিশ্চিত নই, আগামী দশ বছরে কেউ পাঁচ বা ছয়টি উইম্বলডন জিততে পারবে কি না।’ফেদেরার ছাড়া বর্তমান খেলোয়াড়দের মধ্যে রাফায়েল নাদাল উইম্বলডন শিরোপা জিতেছেন দুবার, নোভাক জোকোভিচ ও অ্যান্ডি মারে একবার করে। কাজেই এঁদের কারও পক্ষে সাতবার জেতাটা বলতে গেলে অসম্ভবই। সাম্প্রাসের কথা, উইম্বলডনের ঘাসের কোর্টে তাঁর আর ফেদেরারের মতো রাজত্ব বা কর্তৃত্বও কেউ করতে পারবেন না। এবারের উইম্বলডনজয়ী মারের প্রশংসা করে সাম্প্রাস বলেছেন, ‘রজার এবং আমি, ঘাসের কোর্টে আমাদের খুবই কর্তৃত্ব ছিল। আমি মনে করি, মারে আরও কয়েকটা শিরোপা জিততে পারে এবং জোকোভিচও। কিন্তু আমি মনে করি না যে তারা কোর্টে কর্তৃত্ব করে সাতবার জিততে পারবে। তবে আমি ভুলও প্রমাণিত হতে পারি।’অন্যরা না হয় পারলেনই না। কিন্তু ফেদেরার কি রেকর্ডটা একার করে নিতে পারেন না? আর একবার জিততে পারলেই তো হয়! নাকি সাম্প্রাস ধরেই নিয়েছেন এবার দ্বিতীয় রাউন্ডে হেরে যাওয়া ফেদেরারের উইম্বলডন-রাজত্ব শেষ! রেকর্ডটা ‘সাত’ই থাকবে বললেও ভদ্রতাবশতই হয়তো সেই সম্ভাবনা উড়িয়ে দেননি সাম্প্রাস। ওয়েবসাইট।