উইলিয়ামসন আবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সেঞ্চুরির পর উইলিয়ামসন  প্রথম আলো
সেঞ্চুরির পর উইলিয়ামসন প্রথম আলো

নিজের দেশ থেকে অযুত মাইল দূরের অন্য গোলার্ধের এক দেশ। আবহাওয়া, পরিবেশ, মানুষ, জীবনযাত্রা—সবকিছুই এখানে পুরো উল্টো। তাঁর সবুজ, শান্তিময় দেশ থেকে এসে এখানে ভালো লাগার খুব বেশি কারণ নেই। বাংলাদেশ নামের দেশটি তার পরও সম্ভবত স্থায়ী জায়গা পেয়ে গেল কেন উইলিয়ামসনের হূদয়ে। তিন বছর আগে এখানে প্রথমবার ব্যাট হতে নেমেই পেয়েছিলেন প্রথম আন্তর্জাতিক সেঞ্চুরি। কাল প্রথম টেস্ট ইনিংসেও পেয়ে গেলেন দুর্দান্ত আরেকটি সেঞ্চুরি!

দল তাঁর কাছে এমন একটা ইনিংসই অবশ্য চেয়েছিল। স্পিনে এই দলের সেরা ব্যাটসম্যান মনে করা হয় যে তাঁকেই! একই রকম শারীরিক গড়ন, ব্যাটিংয়ের ধরন, সঙ্গে খণ্ডকালীন স্পিন আর ‘চকলেট-বয়’ ভাবমূর্তির কারণে ক্যারিয়ারের শুরু থেকে তাঁকে বলা হচ্ছে ভবিষ্যৎ মাইকেল ক্লার্ক। ক্লার্কের মতো উইলিয়ামসনও যে একদিন দেশকে নেতৃত্ব দেবেন, সেটাও একরকম নিশ্চিত। এই ২৩ বছর বয়সেই তো সহ-অধিনায়ক। তবে ক্লার্কের সঙ্গে সবচেয়ে বড় মিল সম্ভবত স্পিন খেলার দক্ষতায়।

অভিষেক টেস্টে ওঝা-হরভজনদের বিপক্ষে আহমেদাবাদে করেছেন ১৩১। গত বছর শ্রীলঙ্কার বিপক্ষে কলম্বোয় ক্যারিয়ার-সেরা ১৩৫। স্পিন-দক্ষতার আরেকটি প্রমাণ কালকের ইনিংস। তাঁর চার টেস্ট সেঞ্চুরির তিনটিই এল উপমহাদেশে। ক্যারিয়ার গড়ের (৩৩.৩১) চেয়ে বেশি তো বটেই, নিজ দেশের চেয়েও (৪১.০০) ব্যাটিং গড় বেশি এই উপমহাদেশে (৪৩.০৭)। ‘ক্লার্ক’ হয়ে ওঠার পথেই কিন্তু আছেন।

উইলিয়ামসনের স্পিন-দক্ষতার সবচেয়ে বড় প্রমাণ কালকের প্রথম শটটিই। সাকিবের বলে ব্যাকফুট স্ট্রেট ড্রাইভে যে চারটি মারলেন, এমন মন্থর উইকেটে প্রথম বলে এমন শট খেলাটা প্রায় অবিশ্বাস্য। তিন বল পর অসাধারণ এক ফ্লিকে আরেকটি চার। যে উইকেটে টাইমিং করতে হিমশিম খেয়েছেন সতীর্থরা, সেখানে ইনিংসজুড়েই দারুণ টাইমিং করেছেন উইলিয়ামসন। কেবল সেঞ্চুরি এনে দেওয়া শটটিতেই চার হলো ব্যাটের কানা ছুঁয়ে। শেষ বিকেলে আউট হওয়ায় হতাশ অবশ্যই, তবে খেলার ধরনটাই তাঁর কাছে বড় তৃপ্তির কারণ হওয়ার কথা।

আরেক প্রান্ত থেকে দীর্ঘ সময় উইলিয়ামসনকে দেখেছেন যিনি, দিন শেষে সেই পিটার ফুলটনের কণ্ঠে মুগ্ধতা, ‘কেন তো সব সময়ই স্পিনে খুব ভালো ব্যাটসম্যান। শট খেলার জন্য কঠিন এই উইকেটেও অনেক সময় ব্যাটিংটাকে খুব সহজ মনে হয়েছে ওকে দেখে। এই গরম আর আর্দ্রতায় ক্লান্তি আসে খুব দ্রুতই। কিন্তু ও সেটা বুঝতে দেয়নি, বাজে বল পেলেই প্রাপ্য সাজা দিয়েছে।’

ফুলটন নিজেও বাজে বলের সাজাটা খারাপ দেননি। খুব দৃষ্টিসুখকর না হলেও তাঁর ইনিংসটিও খুব কাজের। উপমহাদেশে এটাই তাঁর প্রথম টেস্ট ইনিংস, স্পিনে খুব সপ্রভিত না হলেও উইকেট আঁকড়ে রাখায় লেটার মার্কস পেতেই পারেন। নিজেই বললেন সেই তৃপ্তির কথা, ‘বাজে বলে আউট হয়ে সেঞ্চুরিটা না পাওয়ায় হতাশ অবশ্যই। তবে দলকে ভালো একটা সূচনা এনে দেওয়ায় আমি তৃপ্ত।’

সেই ভালো শুরুটা অবশ্য খানিকটা ভজকট পাকিয়েছে শেষ বিকেলে। উইলিয়ামসন-ফুলটনের ইনিংস দুটি আর তাঁদের জুটির মাহাত্ম্যও যেন তাতে বেড়ে গেছে!