উইলিয়ামের ফুটবল-ভাবনা

কোটি কোটি মানুষের প্রত্যাশার চাপ থাকে তাঁদের ওপর। পারফরম্যান্স দিয়ে কখনো কখনো প্রত্যাশাকে ছাপিয়ে যেতে পারেন বলেই মানুষের কাছে ফুটবলাররা নায়ক। অনেকের আদর্শও।
কিন্তু সবাই পারেন না আদর্শ হয়ে থাকতে। মাঠ ও মাঠের বাইরে বিতর্কিত সব কাজের জন্য নন্দিত থেকে নিন্দিত হয়ে যান অনেকেই। সেটা যাতে না হয় সে জন্য ফুটবলারদেরও ওইভাবে তৈরি করতে হয়, দিতে হয় চাপ আর খ্যাতির বিড়ম্বনা সামলানোর শিক্ষা। ইংলিশ ফুটবল আসোসিয়েশনের (এফএ) দেড় শ বছর পূর্তি অনুষ্ঠানে নিজের বক্তব্যে এদিকেই দৃষ্টি আকর্ষণ করলেন সংস্থাটির সভাপতি প্রিন্স উইলিয়াম।
পদাধিকার বলে ইংলিশ ফুটবল নিয়ন্ত্রক সংস্থার সর্বময় কর্তা হলেও উইলিয়ামের ফুটবলপ্রীতির কথা অজানা নয়। অ্যাস্টন ভিলা-অন্তঃপ্রাণ সমর্থক উইলিয়াম কিছুদিন আগে ব্রিটিশ রাজবাড়ির সামনেও ফুটবল ম্যাচ আয়োজন করে প্রশংসিত হয়েছেন। তবে পরশু এফএর দেড় শ বছর পূর্তি অনুষ্ঠানের রাতে নিজের বক্তব্যে ডিউক অব কেমব্রিজ বুঝিয়েছেন শুধু খেলা দেখা কিংবা সমর্থন করা নয়, ইংলিশ ফুটবল নিয়ে আছে তাঁর সুদূরপ্রসারী পরিকল্পনাও, ‘আমাদের জাতীয় দলের ফুটবলাররা লাখ লাখ তরুণের আদর্শ। আমার মনে হয় বিশাল চাপ বয়ে চলা এসব ফুটবলারের কিছুটা সাহায্য ও প্রশিক্ষণ দরকার, যাতে তাঁরা এটার সঙ্গে মানিয়ে যেতে পারেন।’ এএফপি।