উইলিসের অভিযোগ কুকের অস্বীকার
অভিযোগটা উড়িয়ে দিয়েছেন আলিস্টার কুক। বল টেম্পারিংয়ের মতো কাজ নাকি ইংলিশ বোলাররা করতেই পারেন না! কিন্তু এই অভিযোগ যিনি তুলেছেন সেই বব উইলিসও ছেড়ে দেওয়ার পাত্র নন। ইংলিশ বোলারদের বল টেম্পারিংয়ের কারণেই নাকি চ্যাম্পিয়নস ট্রফিতে গত বৃহস্পতিবার শ্রীলঙ্কার সঙ্গে ইংল্যান্ডের ম্যাচে আম্পায়াররা বল বদলাতে বাধ্য হয়েছেন—এই দাবিতে অটল কিংবদন্তি ইংলিশ পেসার।
‘ঘুরিয়ে-পেঁচিয়ে কথা বলে লাভ নেই। ওভালে যখন ম্যাচটা চলছিল, তখন আম্পায়ার আলিম দার বুঝতে পেরেছিলেন কেউ একজন বলে আঁচড় দিচ্ছে। এ কারণেই বলটা বদল করা হয়েছিল’—ট্যাবলয়েড দ্য সান-এর সঙ্গে সাক্ষাৎকারে এমন কথা বলেছিলেন উইলিস। তবে অভিযোগটা উড়িয়ে দিয়েছেন ইংলিশ অধিনায়ক কুক, ‘বল বদল করা হয়েছিল, কারণ এটার আকৃতি নষ্ট হয়ে গিয়েছিল। আঁচড়ের কারণে নয়।’ আশির দশকের শুরুতে ইংল্যান্ডের অধিনায়কত্ব করা উইলিসও দেরি করেননি পাল্টা জবাব দিতে, ‘কুক কি আমাদের সবাইকে বোকা মনে করে? সে নিজেই তো বল বদলাতে চায়নি। তার পরও কেন আম্পায়ার বলটা বদলাল?’
সেই উত্তরটা অবশ্য এখন দেননি কুক কিংবা অন্য কোনো ইংলিশ বোলার! এএফপি।