উইলিয়ামসদের কাছে অলিম্পিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তাঁদের ঘরে ২১টি গ্র্যান্ড স্লাম ট্রফি। হিসাবটি শুধুই এককের। উইলিয়ামস বোনেরা গ্র্যান্ড স্লাম দ্বৈতের শিরোপাও জিতেছেন ১৩টি। গ্র্যান্ড স্লাম জেতা তাঁদের জন্য ডালভাত। যদি ভাবেন, অলিম্পিক টেনিসের আর কী এমন গুরুত্ব? তবে ভুল করবেন। ভেনাস-সেরেনা দুজনই বলছেন, অলিম্পিকটা তাঁদের কাছে বিশেষ কিছু। এর তুল্য আর কিছু নেই।অলিম্পিক টেনিসে মেয়েদের দ্বৈতে বর্তমান চ্যাম্পিয়ন উইলিয়ামস বোনেরাই। বেইজিংয়ের আগে ২০০০ সালে সিডনিতেও সোনা জিতেছিলেন দুই বোন। অলিম্পিক তাঁদের কাছে এক সুখস্মৃতি। অলিম্পিক তাঁদের কাছে কতটা গুরুত্বপূর্ণ, সেটা পরিষ্কার ছোট বোন সেরেনা উইলিয়ামসের কথাতেই, ‘আমি যত টুর্নামেন্ট জিতেছি, সেগুলোর মধ্যে সম্ভবত সোনার পদক জিতেই বেশি আনন্দ পেয়েছি।’সেরেনার দুই বছরের বড় ভেনাসও যোগ করলেন, ‘টুর্নামেন্টে যখন আপনার নাম ঘোষণা করা হয় আর নামের পেছনে “অলিম্পিয়ান” এবং “সোনাজয়ী” যোগ করা হয়, সেই মুহূর্তের মতো উত্তেজনাকর আর কিছু হতে পারে না।’ এএফপি।