‘আমি নিশ্চিত, উইলিয়ামসন এখনো বুঝতে পারেনি ও কী করে ফেলেছে। ম্যাচের শেষ দিনে এমন বোলিং আক্রমণের বিপক্ষে এমন একটা ইনিংস...নিউজিল্যান্ড ক্রিকেট ইতিহাসের সবচেয়ে লড়াকু ও সাহসী ইনিংসগুলোর একটি হয়ে থাকবে এই ইনিংস।’ব্রেন্ডন ম্যাককালাম যখন বলছিলেন, ক্যামেরা খুঁজে পেল কেন উইলিয়ামসনকে। প্রশংসা শুনে মুখে লাজুক হাসি। বয়স ২১, কিন্তু দেখতে লাগে আরও ছোট। কে বলবে, দক্ষিণ আফ্রিকার ভয়ংকর পেস আক্রমণের বিপক্ষে প্রায় পুরো দিন বুক চিতিয়ে লড়ে দলকে এনে দিয়েছেন ড্র। সেই ড্র যে জয়ের চেয়েও কম নয়, সেটা তো পরিষ্কার কিউই সহ-অধিনায়ক ম্যাককালামের প্রতিক্রিয়াতেই!রানের হিসাবে লক্ষ্য ৩৮৯। তবে কিউইদের লক্ষ্য ছিল ওভারের দিকে, ৮১ ওভার টিকে থাকা। হাত ভেঙে ফেলা অধিনায়ক রস টেলর ব্যাট করতে পারবেন না জানাই ছিল। এমনিতেই কঠিন লক্ষ্যটা প্রায় অসম্ভব হয়ে গেল মরনে মরকেলের তাণ্ডবে। পুরো সিরিজে ছিলেন নিষ্প্রভ, আগের ৫ ইনিংসে ছিল মাত্র ৪ উইকেট। কাল সিরিজে প্রথমবার নতুন বল পেয়ে যেন রুদ্র রূপ ধারণ করলেন। প্রথম স্পেলেই (৯-৫-৭-৩) ভেঙে দিলেন কিউই ব্যাটিংয়ের মেরুদণ্ড। উইলিয়ামসনের প্রতিরোধের শুরু তখনই, চতুর্থ উইকেটে ব্রাউনলিকে নিয়ে গড়লেন ৫২ রানের জুটি। সেই প্রতিরোধও গুড়িয়ে দিলেন মরকেল, দ্বিতীয় স্পেলে ফিরে টানা দুই বলে তুলে নিলেন ব্রাউনলি ও ভেট্টোরিকে।স্পেশালিস্ট ব্যাটসম্যান তখন ছিল না আর একজনও। কিন্তু উইলিয়ামসনের সঙ্গে দাঁড়িয়ে গেলেন উইকেট-কিপার ক্রুগার ফন উইক। দুজনে উইকেটে কাটিয়ে দিলেন ২৫ ওভার। ৮০ রানের এই জুটি ভেঙে আবারও ম্যাচে উত্তেজনা ফিরিয়ে এনেছিলেন মরকেল। তবে ওই শেষ। আগের ১০ ইনিংসে ৫ শূন্য করা পেসার ব্রেসওয়েলকে নিয়ে প্রায় ২০ ওভার অবিচ্ছন্ন থাকলেন উইলিয়ামসন। সেই অভিষেক টেস্টে সেঞ্চুরি পেয়েছিলেন ভারতের বিপক্ষে, ১২তম টেস্টে এসে উইলিয়ামসন পেলেন দ্বিতীয় সেঞ্চুরি।সকালে মাত্র ১৪.৪ ওভারে ১১৪ রান তুলে ইনিংস ঘোষণা করে দক্ষিণ আফ্রিকা। শেষ পর্যন্ত উইলিয়ামসন -বীরত্বে জয়টা পাওয়া হলো না। দুবার ক্যাচ ফেলে প্রোটিয়া ফিল্ডাররাও সহায়তা করেছে উইলিয়ামসনকে। ক্যারিয়ার-সেরা বোলিং করে ম্যাচ-সেরা মরকেল। তবে গ্রায়েম স্মিথের কণ্ঠেও উইলিয়ামসন স্তুতি, ‘একটা স্পেশাল ইনিংস আমাদের আজ জয় বঞ্চিত করেছে। তবে সিরিজ জয়ের ট্রফি নিয়ে ফিরছি, এটাও কম গর্বের নয়।’ ওয়েবসাইট।