উচিমুরা এবার আরও উঁচুতে!

ভাগ্যে তিনি বিশ্বাস করেন না। সাফল্যের জন্য একটা বিষয়কেই মন্ত্র হিসেবে নিয়েছেন—অনুশীলন। তাতে নিখুঁতের কাছাকাছি পর্যায়ে চলে গেলেও থামেন না। আরও অনুশীলন চালিয়ে যান। সেই যে তিন বছর বয়স থেকে জিমন্যাস্টিকসের অনুশীলন শুরু করেছিলেন, আর যেন থামার কোনো লক্ষণই নেই কোহেই উচিমুরার। জিমন্যাস্টিকসও তাঁকে দিয়েছে দুহাত ভরে। অনেকের চোখে সর্বকালের সেরা জিমন্যাস্টই তিনি। ২৭ বছর বয়সী জাপানিজ জিমন্যাস্টের অপেক্ষা এখন রিও অলিম্পিককেও সোনালি আভায় মুড়িয়ে দেওয়ার।
জিমন্যাস্টিকসের ‘অল অ্যারাউন্ডে’ বর্তমান বিশ্ব ও অলিম্পিক চ্যাম্পিয়ন উচিমুরা। ২০০৮ অলিম্পিকের পর থেকেই জিমন্যাস্টিকসের এই ইভেন্টে অবিসংবাদিত চ্যাম্পিয়ন। টানা ছয়টি বিশ্ব চ্যাম্পিয়নশিপসহ ২০১২ অলিম্পিকে জিতেছেন সোনা। এমন কীর্তি ইতিহাসে আর কোনো জিমন্যাস্টের নেই। সব মিলিয়ে ক্যারিয়ারে ১৯টি পদক, যার ১০টি সোনার—উচিমুরার নামই হয়ে গেছে ‘কিং কোহেই’। রিওতেও রাজত্ব করবেন? যদিও তাঁর অলিম্পিক রেকর্ড ঠিক রাজার মতো নয়, লন্ডন অলিম্পিকের ‘অল অ্যারাউন্ডে’ই একমাত্র সোনা, এর বাইরে রুপার পদক পেয়েছেন ৪টি।
আজ শুরু হবে তাঁর অলিম্পিক অভিযান। এবারও জিমন্যাস্টিকসের অল অ্যারাউন্ডে সোনা জিততে পারলে ৪৪ বছরের একটা অচলায়তন ভেঙে দেবেন উচিমুরা, ১৯৭২ সালে জাপানেরই সাওয়াও কাতোর পর থেকে কেউই টানা দুই অলিম্পিকে অল অ্যারাউন্ডে সোনা জিততে পারেননি। তবে নতুন ইতিহাস গড়ার পাশাপাশি একটা জাতীয় আক্ষেপ ঘোচানোরও চোয়ালবদ্ধ প্রতিজ্ঞা নিয়ে নামছেন উচিমুরা। দলগত ইভেন্টে যে এখনো দেশকে সোনা এনে দিতে পারেননি। ২০০৮ বেইজিং ও ২০১২ লন্ডন অলিম্পিকে দুবারই চীনের পেছনে থেকে রুপা জিতে সন্তুষ্ট থাকতে হয়েছে, এবার নিশ্চয়ই চাইবেন শেষ ধাপটাও পেরোতে।
উচিমুরা যে পারবেন, এ নিয়ে সংশয় সামান্যই। বিখ্যাত ক্রীড়া সাময়িকী স্পোর্টস ইলাসট্রেটেড অলিম্পিক সংস্করণে উসাইন বোল্ট ও মাইকেল ফেল্প্সের পাশে উচিমুরার ছবি দিয়ে লিখেছে ‘ক্যাচ দেম ইফ ইউ ক্যান’! উচিমুরাকে ধরা কতটা কঠিন, সেটি অলিম্পিকে তাঁর প্রতিদ্বন্দ্বী ম্যাক্স হুইটলকের কথা থেকেই বোঝা যায়। জিমন্যাস্টিকসের পোমেল হর্স ইভেন্টে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ব্রিটিশ বলেছেন, ‘অনেক কঠিন একটা লড়াই হতে যাচ্ছে। আমি ওকে (উচিমুরা) অনুসরণ করি, আমার আদর্শই সে। কিন্তু সে অন্য মাপের খেলোয়াড়, তবে আশা করি আমিও সেখানে পৌঁছাতে পারব।’
কে জানে, হুইটলকের মতো করে রিওতে আরও অনেক প্রতিদ্বন্দ্বীকে নিজের ভক্ত বানিয়ে ফেলেন কিনা উচিমুরা! এএফপি।