উচ্চতা একটু ভোগাচ্ছেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

 প্রথমার্ধের খেলায় আমরা হতাশই হয়েছি। আমার খেলোয়াড়দের কেমন যেন চাপগ্রস্ত মনে হয়েছে। পোলসেনকে আমি সান্ত্বনা দিয়েছি। যেকোনো খেলোয়াড়ের ক্ষেত্রেই এটা ঘটতে পারে। তবে এটা প্র্যাকটিসেই মানায়, এমন একটি গুরুত্বপূর্ণ ম্যাচে নয়।হল্যান্ড-ডেনমার্ক ম্যাচ নিয়ে দুই দলের কোচের তাৎক্ষণিক প্রতিক্রিয়া এ রকম। প্রথম প্রতিক্রিয়াটি বার্ট ফন মারউইকের। ২-০ গোলে জিতেও কিছুটা অতৃপ্ত ডাচ কোচ। আর ডেনমার্কের কোচ সান্ত্বনা দিয়েছেন আত্মঘাতী গোল করা সিমন পোলসেনকে।তবে মারউইকের অতৃপ্তি আর পোলসেনের আত্মঘাতী গোল ছাপিয়ে পরশুর হল্যান্ড-ডেনমার্ক ম্যাচটিতে সবচেয়ে বড় আলোচনার বিষয় হয়ে উঠেছে উচ্চতা। ম্যাচ শেষে হল্যান্ড জয়ের আনন্দে মেতেছে, ড্যানিশরা পুড়েছে পরাজয়ের হতাশায়। তবে একটি জায়গায় দু দল একই বিন্দুতে। দুই দলের খেলোয়াড়ই উচ্চতা-সমস্যাকে দেখিয়েছেন বড় করে।হল্যান্ড-ডেনমার্ক ম্যাচটি হয়েছে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১৭৫৩ মিটার (৫৭৫০ ফুট) ওপরে জোহানেসবার্গের সকার সিটি স্টেডিয়ামে। প্রথমার্ধের খেলা দৃষ্টিনন্দন হলো না কেন? এই প্রশ্নটির উত্তরে ম্যাচের হল্যান্ডের গোলদাতা ডির্ক কিউট দিয়েছেন উচ্চতার দোহাই, ‘দু দলকেই উচ্চতার সঙ্গে খাপ খাওয়াতে হয়েছে।’ হল্যান্ড অধিনায়ক ফন ব্রঙ্কহর্স্টেরও সেই কথা, ‘সব সময়ই মুখটা খুব শুকনো মনে হয়েছে।’ উচ্চতার সঙ্গে মানিয়ে নিতে অস্ট্রিয়ার পাহাড়ি এলাকায় প্রায় দুই সপ্তাহ কাটিয়ে এসেছে, দক্ষিণ আফ্রিকায়ও একটু আগেভাগে বসেছে হল্যান্ড। তার পরও এমন কেন হলো? উত্তর খুঁজে পাচ্ছেন না ব্রঙ্কহর্স্টও। দ্বিতীয়ার্ধে ডেনমার্ক যে আত্মঘাতী গোলটি খেয়েছে, তাতে পোলসেনের সঙ্গে জড়িয়ে আছে ড্যানিয়েল অ্যাগারের নামও। গোল বাঁচাতে গিয়ে পোলসেন যে হেডটি করেছিলেন সেটি অ্যাগারের পিঠে লেগেই ঢুকেছে জালে। উচ্চতা নিয়ে ড্যানিশদের সমস্যার কথা সবার পক্ষ থেকে বলেছেন সেই অ্যাগার, ‘আমি বিধ্বস্ত।’ ডাচদের বেশ কয়েকটি ভালো আক্রমণ বিফল করে দিয়েছেন ড্যানিশ গোলরক্ষক টমাস সোরেনসেন। তবে তাঁকেও লড়তে হয়েছে উচ্চতার সঙ্গেও, ‘নিঃশ্বাসটা কেমন ভারী হয়ে আসছিল। বল খুব দ্রুত আসছিল।’এই জোহানেসবার্গেরই এলিস পার্ক স্টেডিয়ামে হয়েছে আর্জেন্টিনা-নাইজেরিয়া ম্যাচ। কিন্তু সকার সিটিতে খেলা দক্ষিণ আফ্রিকা-মেক্সিকো অথবা এলিস পার্কে খেলা আর্জেন্টিনা-নাইজেরিয়া কেউই উচ্চতা নিয়ে কোনো কথা বলেনি। দক্ষিণ আফ্রিকা, মেক্সিকো বা নাইজেরিয়ার কমবেশি সমুদ্রপৃষ্ঠ থেকে উপরে খেলার অভিজ্ঞতা আছে। আর আর্জেন্টিনা তো ভালোই মানিয়ে নিয়েছে কন্ডিশনের সঙ্গে। রয়টার্স।