দাবা অলিম্পিয়াডে এবার ভালো করবে বাংলাদেশ—এমন আশার কথা বলেছিলেন গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ। কিন্তু দলীয় অবস্থানে এবারই নিজেদের সর্বনিম্ন অবস্থানে বাংলাদেশ। অধোগতি!
আজারবাইজানের বাকুতে বুধবার শেষ হওয়া ৪২তম দাবা অলিম্পিয়াডে বাংলাদেশ পুরুষ দল ১৮০টি দেশের লড়াইয়ে ৭৬তম স্থানে নাম লিখিয়েছে। মহিলা দলের ফলও তথৈবচ। তারাও দলীয়ভাবে নিজেদের সর্বনিম্ন অবস্থানে, ১৪০ দেশের মধ্যে ৭৭।
পুরুষ দলের সেরা সাফল্য আসে ২০১২ তুরস্ক অলিম্পিয়াডে, ৩৩তম। মেয়েদের সেরা সাফল্য ১৯৮২ সালে ম্যানিলায়, ২৭তম। এমনিতে গড়পড়তা ৫০-৬০-এর ঘরেই থাকে বাংলাদেশের অবস্থান। গতবার ছেলেদের দল ৬৭তম আর মেয়েদের দল ৫৬তম হয়ে ফিরেছিল। পুরুষ দলের ৬৭ থেকে ৭৬-এ নামা আর এমন কী! কিন্তু এক-দুই ধাপ পেছানোও তো অবনতি। ফেডারেশনে দ্বন্দ্বের কারণে গ্র্যান্ডমাস্টার ছাড়াই গিয়ে ২০১০ সালে ৭৪তম হয়েছিল বাংলাদেশ।
বাকুতে এবার চার গ্র্যান্ডমাস্টারসমৃদ্ধ পুরো শক্তির বাংলাদেশ ১১ ম্যাচে জিতেছে ৫টি। সমানসংখ্যক হার, একটি ড্র। জয় এসেছে ১৪৯ র্যা ঙ্কিংয়ের দুর্বল সান মেরিনো (৪-০), জর্ডান (৩.৫-০.৫), আলবেনিয়া (৩.৫-০.৫), দক্ষিণ কোরিয়া (৪-০) ও মোনাকোর সঙ্গে (৩.৫-০.৫)। আলবেনিয়াই শুধু একজন গ্র্যান্ডমাস্টার নিয়ে খেলেছে, অন্যদের গ্র্যান্ডমাস্টার দূরে থাক, আন্তর্জাতিক মাস্টারও নগণ্য। বেশির ভাগই ফিদে মাস্টার বা রেটিংধারী দাবাড়ু। দলগুলোর র্যা ঙ্কিংও বাংলাদেশের (৫৮) পেছনে।
বাংলাদেশের আসল চ্যালেঞ্জটা ছিল জার্মানি, নরওয়ে, সার্বিয়া, ক্রোয়েশিয়ার সঙ্গে। কিন্তু হারতে হয়েছে চারটি ম্যাচেই। তবে বিশ্ব চ্যাম্পিয়ন ম্যাগনাস কার্লসেনের নরওয়ের সঙ্গে ভালো খেলেছে বাংলাদেশ, হারের ব্যবধান ১.৫-২.৫ পয়েন্ট। জার্মানি ম্যাচে আধা পয়েন্ট, ক্রোয়েশিয়া দেড় পয়েন্ট ও সার্বিয়া ম্যাচে ১ পয়েন্ট এসেছে।
তবে আমিরাতের সঙ্গে ২-২ ড্রটা হতাশারই। বাংলাদেশের চারজন গ্র্যান্ডমাস্টারের বিপরীতে আমিরাত খেলেছে একজন গ্র্যান্ডমাস্টার নিয়ে। র্যা ঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে ২ ধাপ এগিয়ে থাকা কাতারের সঙ্গে বাংলাদেশের জয়ের আশাটা অবাস্তব ছিল না। কাতারের গ্র্যান্ডমাস্টার দুজন। সেই দলের কাছে শেষ ম্যাচে (১.৫-২.৫ পয়েন্টে) হেরেই অনেক পেছনে চলে গেছে বাংলাদেশ।
নিয়াজ মোরশেদ (৮ ম্যাচ), জিয়াউর রহমান (১০ ম্যাচ) ও এনামুল হোসেন রাজীব (১০ ম্যাচ) পেয়েছেন সাড়ে ৫ পয়েন্ট। আবদুল্লাহ আল রাকিব (৯ ম্যাচ) ও মিনহাজউদ্দিনের (৭ ম্যাচ) পয়েন্ট ৫। রাজীব বড় ম্যাচ জিতেছেন একটি, একটি ড্র। নিয়াজও দু-একটি বড় ম্যাচে ভালো করেছেন। মেয়েদের দলে মহিলা ফিদে মাস্টার শারমিন সুলতানা শিরিন মোটামুটি ভালো খেলেছেন। বাংলাদেশের সবচেয়ে বেশি ম্যাচ পয়েন্ট তাঁর। তবে প্রত্যাশা অনুযায়ী শামিমা আক্তার লিজা ভালো করেননি।
দাবাড়ুদের গত রাতে ঢাকায় ফেরার কথা, তাঁদের মুখেই জানা যাবে ফলটা প্রত্যাশানুযায়ী না হওয়ার কারণ। তবে বাংলাদেশ দলে নতুন খেলোয়াড় আসছে না, তা স্পষ্ট। সেই একই মুখ ঘুরেফিরে যাচ্ছে। ভারত নতুন নতুন খেলোয়াড় পাচ্ছে এবং এবার তারা চতুর্থ। অথচ ভারতের আগেই গ্র্যান্ডমাস্টার পেয়েছিল বাংলাদেশ।
নতুন সম্ভাবনার স্লোগান নিয়ে সম্প্রতি দাবা ফেডারেশনে ক্ষমতার হাতবদল হয়েছে। কিন্তু জাতীয় দল পিছিয়েছে আরও। নতুন কমিটি কোচ আনবে বলেও আনেনি। দাবা ফেডারেশনের সহসভাপতি গাজি সাইফুল তারেক সব একপাশে রেখে বলছেন, ‘খেলোয়াড়দের উদ্বুদ্ধ করতে ফেডারেশন বলেছিল ৪০-এর নিচে থাকলে সবাইকে ৩ লাখ টাকা করে দেওয়া হবে। তবু ওরা পারল না।’
খেলোয়াড়দের দোষ দিলে আসল সত্য আড়ালেই থাকে। কোচ নেই। নামমাত্র প্রস্তুতি। খেলোয়াড় তৈরির উদ্যোগ নেই। এসবেরই কুফল দাবা অলিম্পিয়াডে উন্নতির বদলে অবনতি।