উচ্ছ্বসিত ইউসেবিও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাথায় ছোট ছোট করে ছাঁটা ঘন কালো চুল, চোখে রিমলেস চশমা, মুখে উদ্বেগ। উদ্বেগভরা মুখটাই একটু পরে নির্মল হাসিতে ভরে গেল। একটা করে গোল হচ্ছিল, আর হাতে তালি দিয়ে উঠে দাঁড়াচ্ছিলেন বারবার।ম্যাচ শেষে দারুণ ওই হাসিটা আরও ছড়িয়ে দিয়ে সাংবাদিকদের বললেন, ‘অসাধারণ, স্রেফ অসাধারণ’। শুধু ‘অসাধারণ বলে থেমে থাকলেন না; গ্রিন পয়েন্ট স্টেডিয়ামের আর ১০ জন পর্তুগিজ সমর্থকের একজন হয়ে ওঠা ইউসেবিও ঘোষণা করে দিলেন—এটাই পর্তুগালের সর্বকালের সেরা পারফরম্যান্স।অনেকের মতেই পর্তুগালের সর্বকালের সেরা ফুটবলার তিনি। বিশ্বের সর্বকালের সেরা খেলোয়াড়দের সংক্ষিপ্ত তালিকাতেও চলে আসে ইউসেবিওর নাম। সেই পঞ্চাশের দশক থেকে এ পর্যন্ত পর্তুগিজ ফুটবলের উত্থান-পতন কম দেখেননি। তাঁর চোখের সামনেই পর্তুগালের লুই ফিগো, রুই কস্তা, পলেতাদের ‘সোনালি’ প্রজন্ম যেমন একের পর এক ব্যর্থতা উপহার দিয়েছে; তেমনই গত বিশ্বকাপের সেমিফাইনালেও পৌঁছে গিয়েছিল পর্তুগাল।১৯৬৬ বিশ্বকাপে ইউসেবিও নিজেই ৯ গোল করেছিলেন। ৪ গোল করে এই উত্তর কোরিয়ার বিপক্ষেই পর্তুগালকে এক ‘থ্রিলার’ জিতিয়েছিলেন; ০-৩ গোলে পিছিয়ে পড়ার পরও। ৬৮ বছরের জীবনে এত কিছু দেখা সেই ইউসোবিও কি না বললেন, এটা পর্তুগালের সর্বকালের সেরা জয়!কথার পক্ষে যুক্তিও দিলেন বেনফিকার এই কিংবদন্তি, ‘অবশ্যই এটা আমার দেখা জাতীয় দলের সর্বকালের সেরা জয়। যে দলটা ব্রাজিলকে এত কষ্ট করতে বাধ্য করল, সেই দলের বিপক্ষে সাতটি গোল করাটা প্রমাণ করে দেয়, পর্তুগাল কী মানের ফুটবল খেলেছে। ওরা যেন স্বর্গীয় ফুটবল খেলল।’কিন্তু এই জয়টা কি উত্তর কোরিয়ার বিপক্ষে ১৯৬৬ সালের সেই নাটকীয় জয়ের চেয়েও সুন্দর? তুলনা করতে পারছেন না ইউসেবিও। কারণ টেনশনে ক্রিস্টিয়ানো রোনালদোদের এই ম্যাচটা ঠিকমতো উপভোগই করতে পারেননি তিনি, ‘আমার জন্য এটা তুলনা করা কঠিন। আসলে নিজে খেলার চেয়ে খেলা দেখার সময়ই বেশি নার্ভাস লাগে।’তিন গোলে পিছিয়ে পড়ে যে লোক নার্ভাস হন না, তিনি কেন ৭ গোলে জেতা ম্যাচ দেখতে গিয়ে নার্ভাস! এই জায়গায় ইউসেবিও খানিকটা নেলসন ম্যান্ডেলার অনুসারী। দুই গোলে এগিয়ে না যাওয়া পর্যন্ত সমর্থক ইউসেবিও টেনশনে থাকেন, ‘আজ (সোমবার) আমি যেমন নার্ভাস ছিলাম, ১৯৬৬ সালে ৩ গোলে পিছিয়ে যাওয়ার পরও আমি এত নার্ভাস হইনি। আমরা দ্বিতীয় গোল না পাওয়া পর্যন্তই নার্ভাস ছিলাম। তারপর অবশ্য তৃতীয়, চতুর্থ...এভাবে আসতেই থাকল।’দর্শকসারিতে বসে ইউসেবিও-ও দেখা যাচ্ছে ‘আম-সমর্থক’ই! এএফপি।